আইএসের কাছে পরমাণু উপাদান বিক্রির চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের জঙ্গিদের কাছে গত পাঁচ বছরে অন্তত চারবার পারমাণবিক তেজস্ক্রিয় উপাদান বিক্রির চেষ্টা করেছে সন্দেহভাজন রুশ চোরাচালানকারীরা। তাদের তৎপরতা প্রতিবারই রুখে দিয়েছে পূর্ব ইউরোপের দেশ মলদোভা। এতে সহায়তা করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। খবর এপির।
বার্তা সংস্থাটির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, জানামতে সর্বশেষ এ ধরনের পাচারের চেষ্টাটি হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। তখন চোরাচালান চক্র বিরাট পরিমাণে প্রাণঘাতী সিজিয়াম (পরমাণুর রাসায়নিক উপাদান) বিক্রির চেষ্টা করে। তারা বিশেষ করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ভেতরে ক্রেতা খুঁজছিল।
প্রতিবেদন মোতাবেক, ওই চোরাচালান চক্রের সঙ্গে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির কমবেশি যোগসূত্র রয়েছে বলে দাবি করেছেন মলদোভার তদন্তকারীরা। চক্রটি পূর্ব ইউরোপের দারিদ্র্যপীড়িত ক্ষুদ্র দেশ মলদোভার পারমাণবিক উপাদানের কালোবাজার গড়ে তোলার চেষ্টা করছে। তাদের চোরাচালানের চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে ঠিকই। কিন্তু এর ফল সুদূরপ্রসারী হয়নি। কারণ, মূল হোতারা আজও ধরা পড়েনি। যারা ধরা পড়েছে, তারাও দীর্ঘ কারাবাস এড়াতে পেরেছে। কেউ কেউ ছাড়া পাওয়ার পর দ্রুততার সঙ্গেই আবার পারমাণবিক চোরাচালানে নেমে পড়েছে।
এ ধরনের প্রথম চোরাচালানের চেষ্টা করা হয় ২০১০ সালে। সবচেয়ে গুরুতর ঘটনাটি ধরা পড়ে ২০১১ সালের শরৎকালে। ওই সময়ে মলদোভা একটি গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করে। গ্রুপটির নেতৃত্বে ছিলেন আলেক্সান্ডার আগিনকো নামের এক ব্যক্তি।