আইএসের জিম্মি অবস্থায় 'নির্যাতিত' হন কাইলা মুলার?
সিরিয়ায় গত ফেব্রুয়ারিতে নিহত মার্কিন ত্রাণকর্মী কাইলা মুলার ইসলামিক স্টেটের (আইএস) কাছে জিম্মি অবস্থায় ধর্ষণের শিকার হয়েছিলেন বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে বিবিসি ও এএফপির প্রচারিত খবরটিতে এ অভিযোগের বিষয়ে আইএসের কোনো বক্তব্য দেওয়া হয়নি।
আইএসের হাতে বন্দী থাকা দুই সংখ্যালঘু ইয়াজিদি কিশোরীর বরাত দিয়ে মার্কিন কর্মকর্তারা বলেন, সংগঠনটির প্রধান আবু বকর আল-বাগদাদি মুলারকে ধর্ষণ করেন। মার্কিন সন্ত্রাসবিরোধী যেসব কর্মকর্তা গত শুক্রবার রাতে এবিসি নিউজকে এ কথা বলেন, তাঁদের পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি।
ত্রাণকাজে নিয়োজিত ২৬ বছর বয়সী মুলার ২০১৩ সালে সিরিয়ার আলেপ্পো শহরে অপহৃত হন। কট্টর সুন্নিপন্থী আইএসের দাবি, পরে জর্ডানের বিমান হামলায় মুলার নিহত হন। কিন্তু তাঁর মৃত্যুর জন্য আইএসকেই দোষ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
কাইলা মুলারের বাবা কার্ল ও মা মার্শা এবিসি নিউজকে বলেছেন, ‘আমাদের জানানো হয়, বন্দী অবস্থায় কাইলা বারবার নির্যাতনের শিকার হয়। গত জুনে মার্কিন সরকারের পক্ষ থেকে আমাদের বিষয়টি বলা হয়।’
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি নিউজের খবরে বলা হয়, বাগদাদি অপহৃত এই ত্রাণকর্মীকে সিরিয়ার রাকা শহরে আইএসের জ্যেষ্ঠ নেতা আবু সায়াফের বাড়িতে রাখেন। তিনি প্রায়ই ওই বাড়িতে যেতেন। সেখানে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে সায়াফ নিহত হন। বন্দী দুই ইয়াজিদি কিশোরীকে উদ্ধার করা হয়।
বন্দী অবস্থায় বাবা–মাকে লেখা এক চিঠিতে মুলার বলেছিলেন, তিনি ভালো আছেন এবং তঁার সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে।