আইএসের নতুন হত্যাযজ্ঞ

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নতুন করে ২০ জন বেসামরিক লোককে হত্যা করেছে। বিভিন্ন নৈতিক অনাচারের দায়ে দণ্ডাদেশ কার্যকর করতে এসব মানুষকে হত্যা করা হয় বলে দাবি আইএসের। এ ব্যাপারে তারা ছবিও প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, সমকামিতা, ব্যভিচারসহ বিভিন্ন অভিযোগে আইএসের জঙ্গিরা অন্তত ২০ জনকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করেছে।
আইএসের প্রকাশ করা ছবি ও বিবরণ অনুসারে, সমকামিতার অভিযোগে দুজন পুরুষকে উঁচু ভবন থেকে নিচে ফেলে তাদের নিজস্ব রীতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ব্যভিচারের অভিযোগে এক নারীকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। আইএসের প্রকাশ করা ছবিতে দেখা যায়, তাদের রীতিতে অভিযুক্ত দুই ব্যক্তি আকাশছোঁয়া উঁচু এক টাওয়ারের শীর্ষে রয়েছে। আরেকটি ছবিতে দেখা যায় দুজনের একজন নিচের দিকে পড়ছে। তা দেখছে কিছু মানুষ। অপর এক ছবিতে দেখা যায়, ওই দুজনের লাশ পড়ে আছে টাওয়ারের নিচে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, গত সপ্তাহান্তে ৪৮ ঘণ্টার ব্যবধানে ১৭ জন তরুণকে ভিন্ন অভিযোগে ক্রুশবিদ্ধ ও গুলি করে হত্যা করেছে আইএস জঙ্গিরা।
এর আগেও নানা নৃশংসতা ও গণহত্যা চালিয়ে বিশ্ববাসীকে হতবাক করে দেয় আইএস।