আইএসের নিরাপদ ভূমি হবে আফগানিস্তান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমা সেনা প্রত্যাহার করে নিলে আফগানিস্তান জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অভয়ারণ্যে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন একজন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তা ছিলেন।

গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, পাকিস্তানের ইসলামাবাদে সিআইএর সাবেক শাখাপ্রধান ও নতুন একটি বইয়ের লেখক রবার্ট গ্রেনিয়ের আফগানিস্তানের এমন পরিণতির ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন। ‘এইটটি এইট ডেইজ টু কান্দাহার’ শীর্ষক স্মৃতিকথায় এই কর্মকর্তা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা-পরবর্তী সময়ে আফগানিস্তানে তালেবান জমানার বিষয়ে নানা প্রসঙ্গ তুলে ধরেছেন।

চিন্তন গোষ্ঠীর প্রতিষ্ঠান নিউ আমেরিকা আয়োজিত এক অনুষ্ঠানে রবার্ট গ্রেনিয়ের বলেন, আফগানিস্তানের ভবিষ্যৎ​ নিরাপত্তার জন্য যদি কোনো কিছু হুমকি হয়ে থাকে, সেটি হলো আইএস। আফগানিস্তানের তালেবান এই মুহূর্তে প্রতিবেশী পাকিস্তান তালেবানের সঙ্গে বা আইএসের মতো অন্য কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত হতে প্রস্তুত নয়। আবার পাকিস্তানের কিছু গোষ্ঠী আছে, যেগুলো নিজেদের ভৌগোলিক সীমার বাইরে গিয়ে হামলা চালানোর মতো নীতিগত সিদ্ধান্ত রাখে না। এ অবস্থায় আইএস যদি নিজে থেকে আফগানিস্তানে তালেবানের সঙ্গে সখ্য গড়ে তোলে, তাহলে অনায়াসে এ অঞ্চলে আধিপত্য বিস্তার করতে পারবে।

রবার্ট গ্রেনিয়ের বইয়ে ২০০১ সালে মার্কিন বিমান হামলা থেকে অল্পের জন্য তালেবান নেতা মোল্লা ওমর কীভাবে বেঁচে গিয়েছিলেন, এ ব্যাপারে বলেছেন। অল্পের জন্য তালেবানের বোমা হামলা থেকে হামিদ কারজাইয়ের বেঁচে যাওয়ার প্রসঙ্গটিও এখানে আলোচিত হয়েছে।