আইএসের নৃশংসতার নিন্দা করল তালেবান
সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রকাশ করা একটি নৃশংস ভিডিও চিত্রের নিন্দা জানিয়েছে আফগানিস্তানের জঙ্গি সংগঠন তালেবান। এ ঘটনায় জঙ্গি গোষ্ঠী দুটির মধ্যে বৈরিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খবর এএফপির।
আলোচিত ভিডিও চিত্রে চোখ ও হাত-পা বেঁধে রাখা অবস্থায় আফগান বন্দীদের বোমার বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়ার দৃশ্য রয়েছে। এ সম্পর্কে গত মঙ্গলবার তালেবানের এক বিবৃতিতে বলা হয়, ‘ভয়ংকর ওই ভিডিওতে দেখা যায়, দায়েশের (আইএস) সঙ্গে যুক্ত অপহরণকারীরা সাদা দাড়িওয়ালা বেশ কয়েকজন উপজাতীয় প্রবীণ গ্রামবাসীকে বর্বরভাবে বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করছে। এটা অনৈসলামিক কাজ, যা কখনো ন্যায়সংগত হতে পারে না।’
ভিডিওটি কয়েকটি জিহাদি ওয়েবসাইটে গত রোববার প্রকাশিত হয়। তালেবানের বিরুদ্ধেও নির্মমতার অভিযোগ রয়েছে। তবে আইএসকে তালেবানসহ অনেকে আরও বেশি নির্মমতার দায়ে অভিযুক্ত করেছে।
আফগানিস্তানে আইএস জঙ্গিদের প্রবেশ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় নিজ এলাকায় তালেবানের প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়েছে।