আইএসের পরিকল্পনাকারী সাদ্দামের কর্মকর্তা!
ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের আমলের এক গোয়েন্দা কর্মকর্তাই ছিলেন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান কৌশলপ্রণেতা। তাঁর প্রণীত মহাপরিকল্পনাতেই জঙ্গি গোষ্ঠী আইএস সিরিয়ার উত্তরাংশ দখলে সক্ষম হয়। গত রোববার জার্মান সাপ্তাহিক দের স্পিগেল এ কথা জানায়। খবর এএফপির।
জার্মান সাময়িকীটি জানিয়েছে, সাদ্দাম আমলের ওই কর্মকর্তা হলেন কর্নেল সামির আবদ মুহাম্মদ আল খালিফাউই, যিনি হাজি বকর নামে অধিক পরিচিত। কয়েক বছর ধরে তিনিই আইএসের হয়ে গোপনে মূল নাটাই ঘোরাচ্ছিলেন। ২০১৪ সালের জানুয়ারিতে তিনি সিরিয়ার বিদ্রোহীদের হাতে নিহত হন।
সাময়িকীটি জানায়, উত্তর সিরিয়ায় আলেপ্পোর বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক দর-কষাকষির পর তারা হাজি বকরের হাতে লেখা তালিকা ও চিত্রসহ পাওয়া ৩১টি দলিল পেয়েছে। এগুলো ছিল সিরিয়ার উত্তরাংশে খেলাফত প্রতিষ্ঠার বিস্তারিত নীলনকশা। এতে গুপ্তচরবৃত্তি, হত্যা, অপহরণসহ বিভিন্ন কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ বিবরণ ছিল।
সাময়িকীটি আরও জানায়, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর হাজি বকর বেকায়দায় পড়ে যান। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি মার্কিন সেনাবাহিনীর ক্যাম্প বুকা এবং আবু গারাইব কারাগারে বন্দী ছিলেন। সেখান থেকে মুক্তির পর জিহাদি কর্মকাণ্ডে তাঁর প্রভাব বাড়তে থাকে। এরপর ২০১০ সালের দিকে তিনি এবং আরেক সাবেক ইরাকি গোয়েন্দা কর্মকর্তা আইএস-প্রধান আবু বকর আল-বাগদাদীর অধীনে নিযুক্ত হয়। তাঁরা এই আন্দোলনকে ধর্মীয় রূপদানের চেষ্টার পরিকল্পনা করেন।