আইএসের পেছনে পেন্টাগনের ২৭০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে প্রায় এক বছরে চার হাজার ১০০টি বিমান হামলা চালিয়েছে পেন্টাগন। ছবি: রয়টার্স
ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী অভিযানে প্রায় এক বছরে চার হাজার ১০০টি বিমান হামলা চালিয়েছে পেন্টাগন। ছবি: রয়টার্স

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি দমনে দিনে ৯০ লাখ ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। গত আগস্ট মাস থেকে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে চার হাজার ১০০টি বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় এ পর্যন্ত পেন্টাগনের ব্যয় হয়েছে ২৭০ কোটি ডলার।
পেন্টাগন গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো আইএসবিরোধী অভিযানে খরচের হিসাব প্রকাশ করল। বিবিসির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বলছে, অভিযানে পেন্টাগনের মোট ব্যয়ের দুই-তৃতীয়াংশই ব্যয় হয়েছে বিমানবাহিনীর পেছনে।
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভ প্রতিরক্ষা খাতে ৫৬ হাজার ৯০০ কোটি ডলার তহবিল অনুমোদন করেছে। গত আগস্টে ইরাকে যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে খরচ অনেক বেড়েছে।
এই সপ্তাহে হোয়াইট হাউস ইরাকে নিযুক্ত মার্কিন সেনাবাহিনীতে আরও ৪৫০ জন উপদেষ্টা নিয়োগের কথা ঘোষণা করেছে। এ নিয়ে সেখানে নিযুক্ত মার্কিন সেনার সংখ্যা সাড়ে তিন হাজারে দাঁড়াবে।
যুদ্ধের পেছনে এত বিপুল ব্যয় নিয়ে বিতর্কও চলছে। ন্যাটোর সাবেক কমান্ডার ওয়েসলি ক্লার্ক ইরাকে আরও সেনা পাঠানোর ব্যাপারে পেন্টাগনকে সতর্ক করেছেন। সেনা কর্মকর্তারা বলছেন, ইরাকের স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার মতো কাউকে মার্কিন সেনাবাহিনীতে রাখা হয়নি। 

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি বলেন, ইরাকে মার্কিন সেনা অভিযানের মেয়াদ আরও বাড়ানো হতে পারে। সে দেশের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলা হতে পারে।