ইরাকি সেনাবাহিনীর সদস্যরা গতকাল রোববার টানা তৃতীয় দিনের মতো মসুল শহরের ভেতরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে লড়াই করেছে। জঙ্গিদের প্রবল প্রতিরোধের পরও সরকারি বাহিনী ক্রমশ অগ্রসর হয়ে নিজেদের অবস্থা কিছুটা সংহত করতে পেরেছে।
এদিকে বিবিসি জানায়, প্রতিবেশী সিরিয়ায় অবস্থিত আইএসের কথিত রাজধানী রাকায় হামলা চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন সমর্থনপুষ্ট একটি সিরীয় বিদ্রোহী গোষ্ঠী। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান শুরু হবে বলে গতকাল সন্ধ্যায় জানিয়েছিল তারা।
মসুল শহরের দখল বজায় রাখার জন্য আইএসের যোদ্ধারা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। শহরের দক্ষিণে কয়েকটি প্রাণঘাতী হামলার দায়িত্বও স্বীকার করেছে তারা।
ইরাকি সরকারের এলিট সন্ত্রাসবিরোধী সার্ভিসের (সিটিএস) সদস্যরা শহরের পূর্ব রণাঙ্গনে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে।
তিন সপ্তাহ ধরে কুর্দি এবং শিয়া মিলিশিয়া বাহিনী ও মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তা নিয়ে মসুল পুনর্দখলের অভিযান চালাচ্ছে ইরাকি সেনাবাহিনী। এটি কয়েক বছরের মধ্যে সেনাবাহিনীর সবচেয়ে বড় সামরিক অভিযান। সিটিএস বাহিনীর লে. জেনারেল আবদেল গনি আল-আসাদি এএফপিকে বলেন, ‘আমাদের বাহিনী একের পর এক এলাকা আইএসমুক্ত করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে আল-সামাহ, কারকুকলি, আল-মালাইন ও শাকাক আল-খাদরা।’
আইএস জঙ্গিরা গত কয়েক মাসে ইরাক ও সিরিয়ায় তাদের কয়েকটি ঘাঁটি প্রায় বিনা যুদ্ধেই ছেড়ে দিয়েছে। তবে ইরাকে তাদের শেষ বড় ঘাঁটি মসুল রক্ষার ক্ষেত্রে তারা জোরের সঙ্গেই লড়ছে। লে. জেনারেল আল-আসাদি বলেন, তাঁরা খুবই শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছেন এবং ব্যাপক ক্ষতিরও শিকার হয়েছেন।
ইরাকি সেনাবাহিনীর নবম সাঁজোয়া ডিভিশন দক্ষিণ-পূর্ব মসুলের ইনতিসার এলাকায়ও জঙ্গিদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। সরকারি সেনারা পূর্ব মসুলে তাদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। সরকারি সেনারা শহরের সড়কগুলোতে প্রথম প্রবেশ করে গত শুক্রবার। তখন তারা আইএসের কাছ থেকে প্রত্যাশার চেয়ে বেশি কঠিন প্রতিরোধের সম্মুখীন হয় বলেই জানিয়েছেন একজন সেনা কর্মকর্তা।
শহর ছেড়ে পালাচ্ছে মানুষ: দুই পক্ষের প্রচণ্ড লড়াইয়ের মধ্যে বোমা ও চোরাগোপ্তা বন্দুক হামলা হতাহত হওয়ার ঝুঁকি মাথায় করেই পালানোর চেষ্টা করছে লোকজন। সরকারি বাহিনীর ব্যাপক হামলার সুযোগে শহরের কিছু মানুষ পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু ১০ লাখের বেশি বাসিন্দার মধ্যে বেশির ভাগই ভেতরে আটকা পড়েছে। মসুলে জঙ্গিবাদী শাসকদের কঠোর শাসন আর অন্যদিকে সরকারি বাহিনীর গোলাগুলি ও মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা থেকে গা বাঁচাতে হচ্ছে তাদের।