আইএসের বিচারের আহ্বান জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে থাকতে পারে ইসলামিক স্টেট (আইএস)। পাশাপাশি শিশুসহ বেসামরিক লোকদের বিরুদ্ধে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ ঘটিয়েছে জঙ্গিগোষ্ঠীটি। এ জন্য তাদের আইনের আওতায় আনতে হবে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক এক তদন্ত প্রতিবেদনে গত বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে। খবর এএফপি ও রয়টার্সের।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) ওই প্রতিবেদন ১০০ জনের বেশি ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) উত্থাপন করতেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইরাকের সরকারি বাহিনীও ‘কিছু যুদ্ধাপরাধ’ ঘটিয়ে থাকতে পারে।
আইএসের জঙ্গিরা উত্তর ইরাকের বড় একটা এলাকা দখল করে নেওয়ার পর গত বছরের সেপ্টেম্বরে এই তদন্ত শুরু করে ইউএনএইচআরসি। প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার পরিষদ এমন সব তথ্য-উপাত্ত পেয়েছে, যা গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের ইঙ্গিত দেয়।
ইরাকের বিভিন্ন শহর ও গ্রাম দখল করে নেওয়ার সময় আইএসের যোদ্ধারা ইয়াজিদি ও খ্রিষ্টানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা শুরু করে।
প্রতিবেদনে আইএসের শরিয়া আদালতের কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ইরাকের মসুল শহরে তারা পাথর মেরে হত্যা ও হাত-পা কেটে ফেলার মতো শাস্তি দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুধু ফুটবল খেলা দেখার কারণেই ১৩ কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
ইরাকি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বাহিনী আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ ব্যারেল বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে আরও তদন্ত করতে হবে।
আইএসবিরোধী যুদ্ধ: মার্কিন সামরিক বাহিনী গত বুধবার জানায়, গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আইএসবিরোধী জোটের বিমানগুলো ইরাক ও সিরিয়ার বিভিন্ন এলাকায় জঙ্গিদের অবস্থানগুলোতে ১৩ দফা বোমা ফেলেছে। এ ছাড়া মার্কিন যুদ্ধবিমান থেকে বোমা মেরে আইএসের ব্যবহার করা একটি ক্ষুদ্র চালকবিহীন বিমান (ড্রোন) ধ্বংস করা হয়েছে। এই প্রথম আইএস জিহাদিদের কোনো মনুষ্যবিহীন আকাশযানকে লক্ষ্যবস্তু করল মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। তবে ড্রোনটি অস্ত্র নিক্ষেপ নয়, বরং কেবল নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছিল।
সিরিয়া সংলাপ ৬ এপ্রিল: সিরিয়ার সরকার এবং সরকারবিরোধীদের প্রতিনিধিরা আগামী ৬ এপ্রিল রাশিয়ার মস্কোয় শান্তি আলোচনায় বসবেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ কথা জানিয়েছে। এর আগে সুইজারল্যান্ডে দুই দফা শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তাতে কোনো সফলতা আসেনি।