আইএসের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু বকর আল বাগদাদি
আবু বকর আল বাগদাদি

ইরাকে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন টাউনসেন্ড বলেছেন, মসুলে ‘ঐতিহাসিক’ জয়ের পরও ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে তাঁদের লড়াই শেষ হয়নি।

এদিকে এএফপি জানায়, যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল বলেছে, আইএসের শীর্ষ নেতারা তাদের নিশ্চিত করেছেন যে; জঙ্গি গোষ্ঠীটির প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন। উল্লেখ্য, এর আগেও মার্কিন ও রুশ হামলায় কয়েকবার বাগদাদির নিহত বা গুরুতর আহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে।

লে. জেনারেল টাউনসেন্ড গতকাল মঙ্গলবার বিবিসিকে বলেন, আইএস যাতে নিজেদের নতুন করে সংগঠিত করতে না পারে, সে জন্য ইরাকি সরকারকে দেশটির সংখ্যালঘু সুন্নি মুসলিম সম্প্রদায়ের কাছে যেতে হবে। বৈষম্যসহ বিভিন্ন অভিযোগে ইরাকের সাম্প্রতিক কালের শিয়া প্রাধান্যপুষ্ট সরকারের সঙ্গে সুন্নি জনগোষ্ঠীর দূরত্ব সৃষ্টি হয়েছে। অন্যদিকে দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিম সম্প্রদায়কে আইএস জঙ্গিরা ‘ধর্মদ্রোহী’ মনে করে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি গত সোমবার মসুলে সুন্নি জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সেখানে প্রায় নয় মাসের যুদ্ধে বেশ কিছু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাণ হারিয়েছে হাজারো বেসামরিক মানুষ। ৯ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মসুলে হেরে গেলেও শহরটির দক্ষিণে অবস্থিত একটি গ্রামের অধিকাংশ নিয়ন্ত্রণ ধরে রেখেছে আইএস। ইরাকি একজন সেনা কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা বলেছেন, কথিত খিলাফত দুর্বল হয়ে পড়লেও আইএস জঙ্গিরা ইমাম গারবি গ্রামের অন্তত ৭৫ শতাংশ ধরে রেখে গেরিলা কায়দায় লড়াই করছে। টাইগ্রিস নদীর পশ্চিম তীরের ওই গ্রামটি মসুল থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

বিশ্লেষকেরা মনে করেন, মসুলের দুর্গ হারিয়ে আইএস এখন পশ্চিম ও দক্ষিণের গ্রামীণ ও মরু এলাকায় নিজেদের শক্তিবৃদ্ধির চেষ্টা করবে। রাকা শহর এলাকায় নিজেদের গুরুত্বপূর্ণ ঘাঁটিতেও তারা চাপের মুখে রয়েছে। মার্কিন মদদপুষ্ট সিরীয় কুর্দি এবং আরব বাহিনী তিন দিক থেকে শহরটিকে ঘিরে রেখেছে।

বিবিসির সাংবাদিক জোনাথান বিয়েল মসুল থেকে বলেছেন, জঙ্গিরা শহরটিতে সামরিকভাবে হেরে গেলেও এতেই ইরাকে তাদের আদর্শিক কার্যক্রম বন্ধ হবে না। তারা হাওজা, তাল আফর ও আল-কাইম এলাকায় এখনো নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছে।

প্রধানমন্ত্রী এবাদির সরকার এখনো দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে উত্তেজনা নিরসনের বিষয়টি নিয়ে বেগ পাচ্ছে। এ সমস্যার সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে আইএস আবার মাথা চাড়া দিতে পারে। মার্কিন বাহিনী ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে মসুলে পরাজয় আইএসের বৈশ্বিক হুমকির ইতি টানতে পারেনি।

এদিকে এএফপি জানায়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ রাআদ হুসেইন গতকাল মসুল যুদ্ধজনিত উদ্বেগ নিরসনে জবাবদিহি এবং সংলাপের আহ্বান জানিয়েছেন। সহিংসতার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের দাবিও জানান তিনি। পাশাপাশি তিনি ইরাককে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যোগদানের পরামর্শ দিয়েছেন।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ইরাকি জোট বাহিনী মসুলের ঘনবসতিপূর্ণ একাধিক এলাকায় বিনা প্রয়োজনে শক্তিশালী অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে। আইএসের যোদ্ধারাও নাগরিকদের ওপর গুরুতর অত্যাচার চালিয়েছে।