আইএসের যোদ্ধা ২০ থেকে সাড়ে ৩১ হাজার: সিআইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইএসের সশস্ত্র যোদ্ধারা । ছবি: এএফপি
আইএসের সশস্ত্র যোদ্ধারা । ছবি: এএফপি

ইরাক ও সিরিয়ার মাটিতে সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ২০ থেকে সাড়ে ৩১ হাজার যোদ্ধা রয়েছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পক্ষ থেকে এই দাবি করা হয়। আগে ধারণা করা হয়েছিল, আইএসের হাজার দশেক যোদ্ধা রয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক খবরে জানানো হয়, সিআইএর মুখপাত্র রায়ান ট্রাপানি এক বিবৃতিতে বলেন, গত মে থেকে আগস্ট পর্যন্ত পাওয়া সব গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে দেখা গেছে যে আইএসে ২০ থেকে ৩১ হাজার ৫০০ জন যোদ্ধা থাকতে পারে। তাঁর ভাষ্য, গত জুন থেকে জোরালোভাবে দলীয় সদস্য নিয়োগের কারণে তাদের সংখ্যা এত বেড়েছে। যুদ্ধক্ষেত্রে সাফল্য, খিলাফত আন্দোলনের ঘোষণা ও যুদ্ধক্ষেত্রে তৎপরতা বৃদ্ধির কারণে অনেকে আইএসে যোগ দিতে উদ্বুদ্ধ হয়েছে।