আইএসের সঙ্গে জর্ডান ও জাপানের বন্দী বিনিময়ে অচলাবস্থা

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক নারী বন্দীর বিনিময়ে জর্ডানের এক বৈমানিক এবং জাপানি সাংবাদিকের মুক্তির ব্যাপারে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছেন বলে গতকাল শনিবার দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর এএফপির।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ উপপ্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোশিগে সেকো গতকাল শনিবার টোকিওতে বলেন, সরকার এখনো জিম্মি মুক্তির ব্যাপারে নতুন তথ্যের অপেক্ষায় আছে।
এর আগে শুক্রবার জাপানের জরুরি সাড়াদানকারীবিষয়ক প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়াসুহিদি নাকায়ামা জর্ডানের রাজধানী আম্মানে বলেন, জাপানি সাংবাদিক কেনজি গোতো এবং জর্ডানের পাইলট মাজ আল-কাসাবের মুক্তির প্রচেষ্টায় কোনো অগ্রগতি নেই। তিনি বলেন, এতে অচলাবস্থা দেখা দিয়েছে। তবে সতর্কতার সঙ্গে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ এবং পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার সূর্যাস্তের আগে আম্মানের হাতে বন্দী নারী জিহাদি সাজিদা আল-রিশাবিকে মুক্তি না দিলে পাইলট কাসাবেকে হত্যার হুমকি দেয় আইএস।
পাইলট কাসাবে এবং জাপানি সাংবাদিক গোতোর মুক্তির বিনিময়ে জিহাদি সাজিদাকে আইএসের হাতে ফেরত দিতে জর্ডানের ওপর প্রচণ্ড চাপ রয়েছে। জর্ডানও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই নারী জিহাদিকে মুক্তি দিতে সম্মত হয়। কিন্তু তাঁকে মুক্তি দেওয়ার আগে দেশটি আইএসের হাতে আটক বৈমানিকের জীবিত থাকার প্রমাণ চেয়েছে।
জাপানি ও জর্ডানি উভয় নাগরিকের পরিবারের পক্ষ থেকে তাঁদের মুক্তির ব্যবস্থা করতে আইএস ও নিজ নিজ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।