আইএসের সঙ্গে বন্দিবিনিময়ে রাজি হয়েছে জর্ডান
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে বন্দিবিনিময়ে রাজি হয়েছে জর্ডান। গতকাল বুধবার রাতে দেশটির তথ্যমন্ত্রী জানান, আইএসের হাতে জিম্মি পাইলটের মুক্তির বিনিময়ে সংগঠনটির এক নারী জিহাদিকে মুক্তি দিতে সরকার প্রস্তুত। খবর এএফপি ও বিবিসির।
তথ্যমন্ত্রী মোহাম্মদ আল মোমানি বলেন, আইএসের হাতে আটক যুদ্ধবিমানের পাইলট মোয়াথ-আল-কাসাবের মুক্তির বিনিময়ে আম্মানের হাতে বন্দী এক ইরাকি নারী জিহাদি সাজিদা আল-রিশাবিকে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।
গত মঙ্গলবার দুপুরে প্রচারিত এক নতুন ভিডিও বার্তায় আইএস জানায়, ২৪ ঘণ্টার মধ্যে নারী জিহাদি সাজিদা আল-রিশাবিকে মুক্তি না দিলে তাঁদের হাতে আটক জর্ডানের ওই পাইলট এবং জাপানি সাংবাদিক কেনজি গোতোকে হত্যা করা হবে। তবে তথ্যমন্ত্রীর বক্তব্যে জাপানি সাংবাদিক কেনজি গোতো সম্পর্কে কিছু বলা হয়নি।
আবের নিন্দা: জাপানের নাগরিক বন্দী জেনজি গোতোকে ২৪ ঘণ্টার মধ্যে হত্যা করা হবে বলে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা যে হুমকি দিয়েছে, তাকে গতকাল ‘ঘৃণ্য’ আখ্যা দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। জিম্মি মুক্ত করার জন্য জাপান ও জর্ডান সরকার চেষ্টা করছে বলে জানান তিনি।
আইএস গত রোববার জানায়, আরেক জাপানি জিম্মি হারুনা ইউকাওয়াকে হত্যা করা হয়েছে। তাঁর জন্য ২০ কোটি মার্কিন ডলার মুক্তিপণ দাবি করা হয়েছিল।
আল-কায়েদার জঙ্গি আল-রিশাবিকে জর্ডানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০০৫ সালে এক সন্ত্রাসী হামলায় ৬০ জনকে হত্যার ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হন। আর কেনজি গোতো একজন ফ্রিল্যান্স সাংবাদিক এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রনির্মাতা। তিনি স্বদেশি ইউকাওয়াকে মুক্ত করার লক্ষ্যে গত অক্টোবরে সিরিয়ায় গিয়েছিলেন।
আল-কাসাবে ও গোতোর জীবন বাঁচানোর জন্য তাদের বাবা-মা গতকালও নিজ নিজ দেশের সরকারের কাছে মরিয়া আবেদন জানান। এ দুজনের স্বজন ও শুভানুধ্যায়ীরা আম্মান ও টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গতকাল বিক্ষোভ করেন।