তিকরিত হত্যাকাণ্ড: ২৪ আইএস জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ

ইরাকের তিকরিতে শত শত সেনা হত্যার দায়ে গতকাল বুধবার সন্দেহভাজন ২৪ আইএস জঙ্গিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।
বিবিসি অনলাইনের গতকালের প্রতিবেদনে জানানো হয়, ২০১৪ সালের জুনে তিকরিতে প্রায় ১ হাজার ৭০০ সেনা হত্যার ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই শিয়া মুসলমান ছিলেন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তিকরিতের কাছে স্পাইশা ঘাঁটিতে ওই হত্যাকাণ্ড ঘটায়। পরে জঙ্গিরা হত্যাকাণ্ডের ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ করে।
গত মার্চে তিকরিত পুনরুদ্ধারের পর দেশটির সরকার ওই ঘটনায় জড়িত সন্দেহে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করে। আর ওই এলাকার চারটি স্থান থেকে প্রায় পাঁচ শর মতো দেহাবশেষ উদ্ধার করা হয়। হত্যার পর অনেকের লাশ টাইগ্রিস নদীতে ফেলে দেওয়ায় তাদের কোনো হদিস মেলেনি।
ওই হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করে বাগদাদের একটি আদালত সন্দেহভাজন ২৪ আইএস জঙ্গিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।
নিহত সেনাসদস্যদের মধ্যে ইরাকের সর্বোচ্চ বিচারিক কাউন্সিলের মুখপাত্র আলী আবদুল হামজার ভাইও ছিলেন। তিনি বলেন, ‘এই অপরাধীদের পাওয়া সর্বোচ্চ সাজা কার্যকর হবে, সেটাই আমরা দেখার অপেক্ষায় আছি।’
বাগদাদের আদালতের দেওয়া এই রায় অনুমোদনের জন্য উচ্চ আদালতে পাঠানো হবে। উচ্চ আদালত এক মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে।