আইএসের হাত থেকে বাঁচতে পালাচ্ছে সিরীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা। তাদের হাত থেকে প্রাণে বাঁচতে দলে দলে পালাচ্ছে সাধারণ মানুষ। জাতিসংঘের হিসাবে, গত শুক্রবার থেকে গতকাল রোববার পর্যন্ত ৭০ হাজার সিরীয় উদ্বাস্তু সীমানা পেরিয়ে প্রতিবেশী তুরস্কে প্রবেশ করেছে। তাদের বেশির ভাগই জাতিগত কুর্দি সম্প্রদায়ের সদস্য। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল জানায়, আইএস জঙ্গিরা পাঁচ দিনে তুরস্কের সীমান্তবর্তী সিরীয় শহর কোবানের আশপাশের অন্তত ৬৩টি গ্রাম দখল করে নিয়েছে। গতকাল তারা শহরটি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ছিল। কোবানে সিরিয়ার সংঘাতপূর্ণ আলেপ্পো প্রদেশের মধ্যে পড়েছে। এটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।
সংঘাত থেকে প্রাণে বাঁচতে ওই এলাকার হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে। প্রতিবেশী তুরস্কের উপপ্রধানমন্ত্রী নুমান কুরতুলমাস গত শনিবার বলেন, পালিয়ে আসা সিরীয়দের জন্য গত শুক্রবার তাঁরা সীমান্ত খুলে দেন। এরপর ৬০ হাজারের বেশি সিরীয় উদ্বাস্তু তুরস্কে প্রবেশ করেছে।
জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনসিএইচআরের এক বিবৃতিতে গতকাল বলা হয়, আনুমানিক ৭০ হাজার সিরীয় উদ্বাস্তু গত ২৪ ঘণ্টায় তুরস্কে প্রবেশ করেছে।
কুর্দি যোদ্ধারা কোবানের পথে: কুর্দি-অধ্যুষিত কোবানে শহর আইএসের জঙ্গিদের হুমকির মুখে পড়ায় শত শত কুর্দি যোদ্ধা তুরস্ক ও ইরাক থেকে শহরটির উদ্দেশে যাচ্ছে। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানিয়েছেন।
জাতিগত কুর্দিরা ইরান, ইরাক, সিরিয়া ও তুরস্কজুড়ে ছড়িয়ে থাকা পাহাড়ি এলাকায় সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী। সিরিয়ার কুর্দিরা গত দুই বছর জঙ্গিদের বিরুদ্ধে সফলভাবে লড়াই চালিয়ে আসছে। এমনকি তারা উত্তর ইরাকেও আইএসের বিরুদ্ধে লড়াই করেছে। গত মাসে ওই এলাকায় আইএসের হাতে অবরুদ্ধ সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়কে মুক্ত করে আনতে সিরীয় কুর্দি মিলিশিয়ারাও সহায়তা করেছিল।
ইরান প্রস্তুত, তবে...: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আইএসবিরোধী আন্তর্জাতিক জোটে ইরানকে রাখার ব্যাপারে ইঙ্গিত দেওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। তবে এর বিনিময়ে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির ব্যাপারে অধিকতর ছাড় দিতে হবে।
বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে পাশ্চাত্যের সম্পর্কে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলে এলেও সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। উভয় পক্ষ বর্তমানে একটি অস্থায়ী সমঝোতায় রয়েছে, যার আওতায় তেহরান নিজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কমিয়ে আনছে। বিনিময়ে পাশ্চাত্য বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।