আইএসের হাত থেকে যেভাবে বাঁচলেন তিনি
মধ্যবয়সী সাবেক পুলিশ কর্মকর্তা আবু আলাবি। আইএসের হাত থেকে বাঁচতে আড়াই বছরের বেশি সময় ধরে তিনি নেকাব পরে লুকিয়ে বেড়িয়েছেন। প্রতি মুহূর্তেই তাঁর মনে ভয় ছিল, এই বুঝি ধরা পড়লেন। এই বুঝি তাঁর অন্য সহকর্মীদের মতো তাঁর প্রাণটাও গেল।
ইরাকের মসুল শহরের কাছের একটি ছোট্ট শহর হাম্মাম আল-আলিল। মসুল দখলের অংশ হিসেবে এই শহরটি ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএস দখল করে নেয়। শুধু দখল করেই ক্ষান্ত হয়নি তারা, নিয়ন্ত্রণ বজায় রাখতে তারা সেখানকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হত্যা করতে শুরু করে। বাকিদের জন্য শর্ত সাপেক্ষে ক্ষমা ঘোষণা করে। শর্ত হলো বাগদাদ সরকারকে অস্বীকার করা এবং আইএসের নিয়মনীতি অনুযায়ী জীবন যাপন করা।
এ পরিস্থিতিতে আল আলাবি পালিয়ে বেড়ান। প্রথমে তিনি বাড়িতে ও পরে বাগানে বড় গর্ত করে লুকিয়ে ছিলেন। কিন্তু আইএস যখন তাদের তল্লাশি জোরদার করে, তখন তিনি বুঝতে পারেন যে তাঁকে আরও দূরে পালাতে হবে।
এ সময় তিনি একটাই সমাধান খুঁজে পান। মুখ ঢাকার নেকাব। আইএস সব নারীর জন্য এটি বাধ্যতামূলক করেছে। ওই সময় তাঁর এক বন্ধু তাঁকে আইএসের তল্লাশির বিষয়ে গোপন খবর জানায়। তখনই তিনি তাঁর গোঁফ নেকাব দিয়ে ঢেকে ফেলেন। আর ছদ্ম বেশে মেয়েদের মতো করে চলাফেরা করতে থাকেন।
আবু আলাবি বলেন, আইএসের সঙ্গে এ ধরনের লুকোচুরি ‘খেলা’র মধ্যে একধরনের থ্রিল আছে। কিন্তু যখনই তিনি কালো পোশাকধারীদের কাছ দিয়ে যান, তখনই তাঁর আত্মা শুকিয়ে এসেছে। শঙ্কা হয়, এই বুঝি তাঁকেও বরণ করতে হচ্ছে বন্ধুদের ভাগ্য। আলাবি বলেন, ‘অনেকবার আমি তাদের কাছ দিয়ে গেছি। আর ভয়ে চুপসে গেছি। সব সময় মনে হয়েছে, এখনই আমাকে তল্লাশি করা হবে আর আমি ধরা পড়ে যাব।’
হাম্মাম আল আলিল শহরটি স্পার জন্য বিখ্যাত ছিল। ছুটি কাটাতে আসতেন পর্যটকেরা; যা এখন ভাবাটাই কঠিন। সেই শহরে আবু আলাবি ত্রাণসহায়তা নেওয়ার জন্য একটি লাইনে দাঁড়িয়ে ছিলেন। ডেনমার্কের একটি বেসরকারি সংস্থা কম্বল, সোলার হিটার বিতরণ করছিল। শীতের সকালে কাঁদামাটির ওপর নারী ও পুরুষেরা দুটি লাইনে দাঁড়িয়ে ছিলেন।
সেখানে আবু আলী নামের আরেকজন তাঁর পুরোনো পরিচয়পত্র দেখান। তিনিও একজন পুলিশ সদস্য। আইএস যখন শহরটি দখল করে নেয়, তখন তিনি তাঁর পরিচয়পত্রটি বাগানে মাটিচাপা দেন। আর বাঁচার জন্য নেকাব পরেন।
আবু আলী জানান, তাঁর ভাইও একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর স্ত্রী ও সাত সন্তান রয়েছে। আর আইএস যাওয়ার সময় মানববর্ম হিসেবে নিয়ে যায় তাঁর বাবাকে।
শুধু তাঁরাই নন, এখানকার লোকজন প্রত্যেকেই পরিবারের কাউকে না কাউকে হারিয়েছেন। তবে সেখানকার জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসার আভাস দেখা দিয়েছে।
(বিবিসি ম্যাগাজিন থেকে অনূদিত)