আইএসের হাতে রামাদির পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাতে গত রোববার পতন হয়েছে ইরাকি শহর রামাদির। তবে শহরটি পুনরুদ্ধারে গতকাল সোমবারই তৎপরতা শুরু করেছে ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়ারা। রামাদির দখল নিয়ে গত তিন দিনের লড়াইয়ে আনুমানিক ৫০০ জনের প্রাণহানি ঘটেছে। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
ইরাকের সুন্নি-অধ্যুষিত পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারের রাজধানী রামাদি দখলে নিতে গত শুক্রবার থেকে তৎপরতা চালিয়ে আসছিল আইএস। রোববার নাগাদ শহরটি থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দেয় তারা। জঙ্গিগোষ্ঠীটির দখলে চলে যাওয়া বিভিন্ন এলাকা পুনরুদ্ধারে গত বছরের শেষের দিকে ইরাকি বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এটাই তাদের সবচেয়ে বড় পরাজয়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্র ও শনিবার একের পর এক আত্মঘাতী বোমা হামলা চালানোর মাধ্যমে জঙ্গিরা আশপাশের সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ঢুকে পড়ে। আর রাজধানী বাগদাদ থেকে ৬০ মাইল দূরে অবস্থিত শহরটি থেকে গত রোববার সর্বশেষ ঘাঁটিও গুটিয়ে নেয় সরকারি নিরাপত্তা বাহিনী।

রামাদির দখল নিতে গত শুক্রবার থেকে জোর লড়াই শুরু করে আইএস। রোববার নাগাদ শহরটি থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দেয় তারা। কয়েক দিনের লড়াইয়ে সেখানে নিহত হয়েছে অন্তত ৫০০ জন

এমনকি মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের বিমান হামলাও জঙ্গিদের অগ্রযাত্রা ঠেকাতে পারেনি। রোববার রামাদিতে অবস্থিত প্রাদেশিক কার্যালয়গুলোতে আইএসের কালো পতাকা উড়তে দেখা যায়। এরই মধ্যে এলাকা থেকে পালিয়ে গেছে হাজার হাজার পরিবার। তবে শহরটির কিছু প্রবেশমুখে লড়াই অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আনবার প্রদেশের গভর্নরের উপদেষ্টা ও মুখপাত্র হাইমুর।
আইএসের বলে মনে হওয়া একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, রামাদিতে ইরাকি বাহিনীর অষ্টম ব্রিগেড সেনাঘাঁটিসহ বিভিন্ন ঘাঁটি দখল করে নেওয়া হয়েছে। এসব ঘাঁটিতে সেনাদের ফেলে যাওয়া ট্যাংক ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম জব্দ করেছে তারা।
আনবার প্রদেশে শিয়া মিলিশিয়াদের মোতায়েনের ব্যাপারে অনীহা দেখিয়ে আসছিলেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। স্থানীয় সংখ্যাগরিষ্ঠ আরব সুন্নি জনগোষ্ঠী রুষ্ট হতে পারে, এমন আশঙ্কা ছিল তাঁর। শিয়া মিলিশিয়াদের পরিবর্তে স্থানীয়ভাবে নিয়োগ করা বাহিনী দিয়েই প্রদেশটির নিরাপত্তা রক্ষার পক্ষে ছিলেন এবাদি। এমন নীতির পক্ষে যুক্তরাষ্ট্রেরও শক্ত সমর্থন রয়েছে।
কিন্তু শিয়া মিলিশিয়া কমান্ডাররা বলছেন, আইএসের হাতে রামাদির পতন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শিয়াদের ‘পপুলার মোবিলাইজেশন ইউনিটস’ ছাড়া সরকার চলতে পারবে না। গ্রুপটির একজন মুখপাত্র আলী আল-সারাই বলেন, তাঁরা অগ্রসর হওয়ার আদেশ পেয়েছেন। তবে নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন না।
মিলিশিয়ারা জানিয়েছে, রামাদি পুনরুদ্ধারের অভিযানে অংশ নিতে তারা এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আনবারে এরই মধ্যে বেশ কয়েকটি মিলিশিয়া ইউনিট অবস্থান করছে। রামাদির কাছের শহর ফালুজা ও হাবানিয়াসহ বিভিন্ন শহরে অবস্থান করা এসব ইউনিট রামাদিতে অভিযান চালাতে প্রস্তুত রয়েছে।
সংঘর্ষে নিহত ৫০০: আনবার প্রদেশের গভর্নরের মুখপাত্র হাইমুর জানান, রামাদিতে সাম্প্রতিক দিনগুলোতে লড়াইয়ে আনুমানিক ৫০০ জনের প্রাণহানি ঘটেছে। তিনি গতকাল বলেন, ‘এখন পর্যন্ত রামাদিতে হতাহতের প্রকৃত সংখ্যা আমাদের কাছে নেই। কিন্তু আমাদের প্রাথমিক অনুমান বলছে, বেসামরিক লোক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমবেশি ৫০০ জন নিহত হয়েছে।’