আইএসের 'অস্ট্রেলীয় সংগঠক' নিহত
ইরাকে মার্কিন বিমান হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ঊর্ধ্বতন নেতা নীল প্রকাশ নিহত হয়েছেন। গত শুক্রবার মসুলে ওই বিমান হামলা পরিচালিত হয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার নাগরিক নীল প্রকাশ আইএসে নতুন সদস্য সংগ্রহের দায়িত্বে থাকা একজন ঊর্ধ্বতন সংগঠক বলে ধারণা করা হয়।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল জর্জ ব্র্যান্ডিস জানিয়েছেন, আবু খালেদ আল-কাম্বোদি নামেও পরিচিত ছিলেন নীল প্রকাশ। অ্যাটর্নি জেনারেল বলেন, অস্ট্রেলিয়ায় হামলার ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তিনি। এ ছাড়া আইএসের প্রচারণামূলক ভিডিও ও সাময়িকীতে তাঁকে অনেকবারই দেখা গেছে।
অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, আইএসের সঙ্গে যোগ দিতে দেশটির প্রায় ১১০ জন নাগরিক মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়েছেন। ধারণা করা হচ্ছে, নীল প্রকাশের হাত ধরেই তাঁদের আইএসের জগতে প্রবেশ ঘটেছে।