আইএসের 'রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ' নিহত

ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ‘রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ’ হিসেবে পরিচিত আবু মালিক নিহত হয়েছেন। তিনি একসময় সাদ্দাম হোসেনের সরকারের সঙ্গে কাজ করতেন। গতকাল শুক্রবার মার্কিন সামরিক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।
এ ব্যাপারে মার্কিন সামরিক বাহিনীর দেওয়া বিবৃতি থেকে জানা যায়, গত ২৪ জানুয়ারি ইরাকের মসুলে বিমান হামলায় আবু মালিক নিহত হন। তিনি আইএস জঙ্গিদের রাসায়নিক অস্ত্র বিষয়ে প্রশিক্ষণ দিতেন।
সাদ্দাম সরকারের একটি রাসায়নিক অস্ত্র উৎপাদন কেন্দ্রে আবু মালিক কাজ করতেন। এরপর ২০০৫ সালে তিনি আল-কায়েদার সঙ্গে যুক্ত হন। সর্বশেষ আল-কায়েদা ছেড়ে আইএস জঙ্গিদের সঙ্গে যোগ দেন তিনি।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, তাঁর মৃত্যুতে আইএসের সন্ত্রাসী কার্যক্রম এবং রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য উৎপাদন ও ব্যবহার সাময়িকভাবে হলেও বিঘ্নিত হবে।