আইনি ফাঁকফোকর ব্যবহার করে টিকে থাকতে পারবেন কি ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান
ছবি: রয়টার্স ফাইল ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ২৫ মার্চ পার্লামেন্টে গুরুত্বপূর্ণ অধিবেশন আহ্বান করেছেন স্পিকার আসাদ কায়সার। ২০১৮ সালে ইমরান ক্ষমতায় আসার পর থেকে এবারের অনাস্থা প্রস্তাবটিকে তাঁর জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এক বছর আগেও মার্চ মাসে পার্লামেন্টে আস্থা-অনাস্থার চ্যালেঞ্জে পড়েছিলেন তিনি। তখন ইমরান খানকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার প্রশ্নে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখা গেলেও এবারের পরিস্থিতি ভিন্ন। এবার তাঁর নিজ দল পিটিআইয়ের আইনপ্রণেতাদের একাংশকে বিরোধী শিবিরে ভিড়তে দেখা যাচ্ছে। এমন অবস্থায় ইমরান ক্ষমতায় টিকতে পারবেন কি না কিংবা ক্ষমতায় থাকার জন্য কোনো আইনি ফাঁকফোকর আছে কি না, তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ডন।

প্রতিবেদনের শুরুতে পাকিস্তানি সাংবাদিক হামিদ মিরের করা একটি সাম্প্রতিক টুইটের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। ওই টুইটের সঙ্গে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন হামিদ মির। ভিডিওটি ২০২১ সালের ৪ মার্চ ধারণ করা। গত বছর অনাস্থা ভোটের আগে আইনপ্রণেতাদের উদ্দেশে ইমরান খানের দেওয়া ভাষণ এটি। সেখানে ইমরান খানকে বলতে শোনা যায়, ‘আপনারা যদি আমার প্রতি খুশি না হন, তাহলে হাত তুলে বিরোধিতা প্রকাশ করতে পারেন।’ তিনি আরও বলেন, ‘এটি আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা বলতে পারেন যে আপনারা ইমরান খানের সঙ্গে নেই। আমি আপনাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকব। ধরে নেব আমি যোগ্য নই।’ এরপর ইমরান খানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাব নিয়ে যখন ভোটাভুটি হলো, তখন ১৭৮ জন আইনপ্রণেতা ইমরানের প্রতি সমর্থন জানিয়ে হাত তুলেছিলেন। ওই আস্থা ভোটে টিকে যান ইমরান।

এক বছর পর একই সময়ে আবার অনাস্থা ভোটের মুখে ইমরান খান। তাঁর বিরুদ্ধে ৮ মার্চ পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দলগুলো। এ প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটির জন্য অধিবেশন ডাকতে স্পিকার আসাদ কায়সারের প্রতি লিখিত আবেদন জানায় তারা। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, লিখিত আবেদন জমা পড়ার ১৪ দিনের মধ্যে স্পিকারকে আলোচনার জন্য অধিবেশন ডাকতে হবে। এর মানে হলো, ২২ মার্চের মধ্যে অধিবেশন আয়োজন করার কথা। তবে এদিনই আবার জাতীয় পরিষদে শুরু হচ্ছে ওআইসির দুই দিনব্যাপী পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। এমন অবস্থায় ২৫ মার্চ অধিবেশন ডেকেছেন স্পিকার।

সন্দেহ নেই, এক বছরে পাল্টেছে পরিস্থিতি। এখন আর আইনপ্রণেতাদের সমর্থন পাওয়ার ব্যাপারে ইমরানের মধ্যে আগের সেই আত্মবিশ্বাস দেখা যাচ্ছে না। তিনি প্রধানমন্ত্রিত্বের যোগ্য কি যোগ্য নন, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াকে ‘গণতান্ত্রিক অধিকার’ বলে মনে করেন না। এখন প্রধানমন্ত্রী ইমরান মনে করেন, যাঁরা তাঁর বিরুদ্ধে ভোট দেবেন, তাঁরা বিরোধী দলের কাছে বিক্রি হয়ে গেছেন। ইতিমধ্যে বিভিন্ন জনসভায় এ অভিযোগ তুলতে দেখা গেছে তাঁকে। জাতীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তাঁর উপদেষ্টা ও অনুগত মন্ত্রীরাও একই ধরনের অভিযোগ করছেন। এখন পিটিআইয়ের পক্ষত্যাগীরা বিরোধী দলের আতিথেয়তা উপভোগ করছেন।

আরও পড়ুন

ইমরান খানকে এখন পরামর্শ দেওয়া হচ্ছে, তিনি যেন রাজধানী ইসলামাবাদে অবস্থিত বিভিন্ন প্রাদেশিক ভবনে অভিযান চালান, সিন্ধু প্রদেশে গভর্নরের শাসন আরোপ করেন এবং নিজ দলের সম্ভাব্য বিদ্রোহী সদস্যদের আগে থেকেই অযোগ্য ঘোষণা করেন। অথচ এক বছর আগেও নিজ দলের সদস্যের বিরোধিতাকেও তাঁদের রাজনৈতিক অধিকার বলে উল্লেখ করা হয়েছিল।

এখন প্রশ্ন হলো, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর ক্ষমতা টিকিয়ে রাখতে কীভাবে এ কৌশলগুলো আইনসিদ্ধ উপায়ে ব্যবহার করতে পারেন।

জরুরি অবস্থা জারি ও গভর্নরের শাসন প্রতিষ্ঠা

ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সংবিধানে কিছু জরুরি বিধি রয়েছে। এ ছাড়া সংবিধানের ২৩২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্দিষ্ট কিছু পরিস্থিতির সম্মুখীন হলে প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এর আগে প্রেসিডেন্টকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে দেশে জরুরি পরিস্থিতি বিরাজ করছে। এর কারণে পাকিস্তান কিংবা দেশটির কোনো অংশ যুদ্ধ, বহিঃশক্তির আক্রমণ কিংবা অভ্যন্তরীণ অস্থিরতাজনিত নিরাপত্তা হুমকিতে আছে।

আপাতত পাকিস্তানে যুদ্ধ কিংবা বহিঃশক্তির আক্রমণের পরিস্থিতি নেই। সে ক্ষেত্রে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি কোনো প্রদেশের অভ্যন্তরীণ অস্থিরতা ইস্যুতে জরুরি অবস্থা ঘোষণার কথা ভাবতে পারেন। তবে এ ধরনের জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদ থেকে প্রস্তাব পাস করিয়ে নিতে হবে।

প্রেসিডেন্ট যদি এ প্রক্রিয়ায় না গিয়ে নিজে নিজেই ব্যবস্থা নিতে চান, তবে প্রস্তাবটিতে পার্লামেন্টের দুই কক্ষের অনুমোদনের প্রয়োজন পড়বে। পার্লামেন্টের প্রতিটি কক্ষ এ ক্ষেত্রে ১০ দিন করে সময় পাবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রদেশের কার্যক্রম চলবে।
তবে অভ্যন্তরীণ অস্থিরতাকে কারণ দেখিয়ে জরুরি অবস্থা ঘোষণা করার এ প্রচেষ্টা আলোর মুখ দেখবে বলে মনে হয় না। কারণ, এ প্রচেষ্টা বিরোধীদের প্রতি সরকারের বিদ্বেষকে স্পষ্ট করে তুলবে। ইতিমধ্যে কয়েকজন মন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট হয়েছে যে তাঁরা সত্যিকার অর্থে অনাস্থা ভোট থামাতে চান। এমন অবস্থায় প্রধানমন্ত্রী অন্য কৌশলগুলো ব্যবহারের চেষ্টা করতে পারেন।

পাকিস্তানের সংবিধানের ২৩৪ অনুচ্ছেদের আওতায় প্রাদেশিক পরিষদকে পাশ কাটিয়ে গভর্নরের শাসন জারি করা যেতে পারে। এ ক্ষেত্রে প্রদেশের গভর্নর প্রেসিডেন্টকে জানাবেন যে সংবিধানের বিধির সঙ্গে সংগতি রেখে প্রাদেশিক শাসন চালানো যাচ্ছে না। তবে অন্যান্য জরুরি পরিস্থিতির মতো এ ক্ষেত্রে যথোপযুক্ত কারণ দেখাতে হবে। তা না হলে স্পষ্টতই বোঝা যাবে, সংশ্লিষ্ট প্রাদেশিক সরকারকে অপসারণের জন্যই এ পরিকল্পনা সাজানো হয়েছে।

আরও পড়ুন

দলের (পিটিআই) বিরোধীদের বিরোধী দলে ভেড়ানোর বিরুদ্ধে আদেশ জারি
পিটিআই অভিযোগ করে আসছে যে বিরোধী দলগুলো তাদের দলের আইনপ্রণেতাদের কিনে নিচ্ছে। এ ধরনের কেনাবেচার প্রবণতার বিরুদ্ধে প্রেসিডেন্ট আদেশ জারি করতে পারেন বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন রয়েছে। এ আদেশের ধরন কেমন হতে পারে, তা বলা মুশকিল। তবে এ ধরনের আদেশ যদি সংবিধানের অনুচ্ছেদ ‘৬৩-এ’–এর ঘোষিত বিধিনিষেধকেও ছাপিয়ে যায়, তাহলে এর মধ্য দিয়ে মৌলিক মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘিত হওয়ার ঝুঁকি থেকেই যায়। কারণ, ৬৩-এ অনুচ্ছেদের আওতায় ঘোষিত বিধিনিষেধকেই ইতিমধ্যে কঠোর ও অগণতান্ত্রিক বলে আখ্যা দেওয়া হয়েছে।

ইমরান খান
ছবি: রয়টার্স ফাইল ছবি

সংবিধানের অনুচ্ছেদ ৬২ ও অনুচ্ছেদ ৬৩ এর আওতায় আইনপ্রণেতাদের মনোভঙ্গি সম্পর্কে ধারণার ভিত্তিতে তাঁদের দণ্ডিত করার সিদ্ধান্ত নেওয়া ছাড়া খুব বেশি কিছু করার সুযোগ সরকারের হাতে নেই। তবে এমনটা করা হলে একই পদ্ধতি ব্যবহার করে দেশের প্রচলিত বিচারব্যবস্থা বাতিলের সুযোগ পেয়ে যাবে সরকার।

সুপ্রিম কোর্টের শরণাপন্ন হওয়া

সব কৌশল বাদ হয়ে গেলেও সবশেষ যে ব্যবস্থা নেওয়া যাবে, তা হলো সংবিধানের ৬৩-এ অনুচ্ছেদের আওতায় দলের স্বপক্ষত্যাগীদের অযোগ্য ঘোষণার বিষয়টি সুপ্রিম কোর্টে তোলা। এভাবে আগাম আশঙ্কার ভিত্তিতে স্বপ্রণোদিত হয়ে অযোগ্য ঘোষণা করা যাবে কি না, তার ব্যাখ্যা চাওয়া হবে। সংবিধানের ৬৩–এ অনুচ্ছেদ অনুযায়ী, নেতৃত্বের প্রতি দলীয় সদস্যদের আনুগত্যের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

তবে এর মধ্যে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। অনাস্থা ভোটের ক্ষেত্রে সদস্যরা দলীয় নীতির বাইরে যেতে পারবেন না বলা হলেও এ ক্ষেত্রে তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথাও বলা আছে। সংবিধানের ৬৩-এ অনুচ্ছেদ অনুসারে দলের সদস্যকে অযোগ্য ঘোষণার আগে কারণ দর্শানোসংক্রান্ত একটি প্রক্রিয়ার কথা বলা আছে। এ ক্ষেত্রে জাতীয় পরিষদের কোনো সদস্যকে দলত্যাগী ঘোষণা করার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। ওই দলত্যাগী সদস্য ব্যাখ্যা দেবেন, কেন তিনি মনে করেন তাঁদের দলের নেতা দলীয় নীতি ও দলের ইশতেহারের অঙ্গীকার থেকে সরে এসেছেন এবং এ পরিবর্তন আনয়ন নিয়ে দলের অভ্যন্তরে অর্থপূর্ণ কোনো বিতর্কই হয়নি। তারপরও এ ক্ষেত্রে কে বেশি ভুল প্রমাণিত হবেন? দলত্যাগী সদস্য নাকি দলনেতা? সে প্রশ্ন থেকেই যায়।