আইসক্রিম তুলে দেয় ফাতেমা, খেতে পারে না

ছোট ছোট মেয়ে শিশুদের কলকাকলিতে মুখর আফগান নগর হেরাতের একটি বিদ্যালয়ের আঙিনা। স্কুলের সাদা-কালো পোশাক পরা শিশুরা সহপাঠীদের সঙ্গে খেলছে। মেতে উঠেছে হাসি-আনন্দে। এর মধ্যে নেই শুধু ফাতেমা নামের আট বছর বয়সী মেয়েটি। তারও থাকার কথা ছিল এমন শৈশব, কিন্তু এ বয়সেই তার কাঁধে নয়জনের পরিবারের ভরন-পোষণের দায়িত্ব।
আইসক্রিম বিক্রি করে জীবিকা চালায় ফাতেমা। রোজ তারই মতো ছোট ছোট শিশুর হাতে সে আইসক্রিম তুলে দেয়। সেই আইসক্রিম কখনো খাওয়া হয় না তার।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ফাতেমাকে সারা দিন কঠোর পরিশ্রম করতে হয়। পাইকারি বিক্রেতার কাছ থেকে প্রথমে আইসক্রিম কেনে ফাতেমা। পরে সেগুলো ছোট ঠেলাগাড়িতে করে এবড়োখেবড়ো পথ দিয়ে টেনে এনে বিদ্যালয়ের সামনে দাঁড়ায়। সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত সে এখানে দাঁড়িয়ে থেকে তারই সমবয়সী ছাত্রীদের কাছে আইসক্রিম বিক্রি করে। এখান থেকে যা আয় হয়, তা দিয়ে তার পুরো পরিবার চলে।
অন্য শিশুদের মতো আনন্দময় একটি শৈশব চায় ফাতেমাও। সে বলল, ‘আমার একমাত্র ও সবচেয়ে বড় স্বপ্ন হলো, আমার কিছু টাকা হোক। আমার টাকা হলে আমি আর কাজে যাব না, আমি বিদ্যালয়ে যেতে চাই। অন্য শিশুদের মতো পড়াশোনা করতে চাই।’ সঙ্গে সে আরও যোগ করল, ‘আমি যখন বিদ্যালয়ের সামনে আইসক্রিম বিক্রি করি, দেখি অন্য মেয়েরা ভেতরে যাচ্ছে, হাসছে। তারা কত সুখী। আমিও চাই সেখানে যেতে।’
আফগানিস্তানে শিশুশ্রম একটি সাধারণ সমস্যা। ইউনিসেফের তথ্য মতে, ৭-১৪ বছর বয়সী মেয়েদের ১৭ শতাংশ বাড়ির বাইরে বা পূর্ণকালীন ঘরের কাজ করে।
ফাতেমা ওর শ্রম দিয়ে অল্প যা কিছু আয় করে, তা দিয়ে তার পরিবারের সদস্যরা কেবল সবজি, ভাত-রুটি খেতে পারে। চার বছর আগে ইরানে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় ফাতেমার বাবা পক্ষাঘাতগ্রস্ত হন। সেই থেকে তিনি কোনো কাজ করতে পারেন না। কিন্তু পেটের ক্ষুধা তো আর কিছু বোঝে না, ক্ষুধা নিবারণে তাই জীবনযুদ্ধে নেমে যায় ছোট্ট ফাতেমা।
সারা দিন আইসক্রিম বিক্রি শেষে বাড়ি ফিরে বাবার সেবা-যত্ন করার চেষ্টা করে ফাতেমা। তার কথা, ‘আইসক্রিম খাওয়ার সামর্থ্য আমার নেই। যদিও আমি আইসক্রিম খেতে পছন্দ করি। গরিব হয়ে বাঁচতে আমার ভালো লাগে না।’