ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, পশ্চিম তীরে সন্দেহভাজন ইহুদি দুর্বৃত্তদের দেওয়া আগুনে ফিলিস্তিনি শিশু নিহত হওয়ার ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তুলে ধরতে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। এদিকে গত শুক্রবারের ওই ঘটনায় শিশুটির গুরুতর আহত বাবা-মা ও বড় ভাইয়ের অবস্থাও আশঙ্কাজনক। খবর রয়টার্স ও আল-জাজিরার।
আলী সাদ দাওয়াবসা নামের দেড় বছর বয়সী শিশুটির নিহত হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, ওই ঘটনার জন্য ইসরায়েলি সরকারই ‘পুরোপুরি দোষী’। কয়েকজন ইহুদি বসতি স্থাপনকারী এ কাজ করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ওই ঘটনার পরপরই বলেছিলেন, এ বিষয়ে আইসিসিতে অভিযোগ দায়ের করবেন। গতকাল শনিবার তিনি জানান, ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রীকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
মাহমুদ আব্বাস বলেন, ‘আমরা এ ঘটনার ন্যায়বিচার চাই। কিন্তু ইসরায়েল এ বিষয়ে আদৌ কোনো সহযোগিতা করবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে বলেছিলেন, ‘অপরাধী যেই হোক তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় শিশু নিহত হওয়ায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। ওই ঘটনার পর ফিলিস্তিনি এলাকায় সহিংস প্রতিবাদও অব্যাহত আছে।
শুক্রবার ভোরে পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে দুমা গ্রামের একটি বাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে ওই শিশুটির মৃত্যু হয়। ইসরায়েলের একটি হাসপাতালে তার পরিবারের অন্যদের চিকিৎসা চলছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল পশ্চিম তীরের রামাল্লায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ ছত্রভঙ্গ করে দিতে ইসরায়েলি সেনারা গুলি চালালে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়। ফিলিস্তিনি হাসপাতালের একটি সূত্র এ কথা জানায়।