ফিলিস্তিন সরকার ইসরায়েল ও হামাসের মধ্যকার সাম্প্রতিক লড়াইয়ে যু্দ্ধাপরাধের অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত বাধাগ্রস্ত করে আসছে বলে মন্তব্য করেছে আল-জাজিরা টিভি। কাতারভিত্তিক সম্প্রচার প্রতিষ্ঠানটি বলছে, তাদের অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শুক্রবার আল-জাজিরা জানায়, আইসিসির শীর্ষ কৌঁসুলি ফাতাউ বেনসুদার এ-সংক্রান্ত এক গোপন চিঠি তাদের হাতে এসেছে।
চিঠিতে কৌঁসুলি ফাতাউ বেনসুদা বলেন, যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক তদন্ত শুরু করতে আইসিসির কাছে আবেদন করেছিলেন ফিলিস্তিনের বিচারমন্ত্রী সালিম আল-সাক্কা। কিন্তু এ আবেদনের বিষয়ে ফিলিস্তিন সরকারের অনুমোদন ছিল কি না, পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি।
আইসিসির বিধান অনুযায়ী কেবল রাষ্ট্র ও সরকারপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রী তদন্তের অনুমোদন দিতে পারেন। আল-জাজিরা।