আকার দ্বিগুণের পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের কর্তৃপক্ষ নিজেদের বিশেষ বাহিনীতে সেনাদের সংখ্যা ১৭ হাজার থেকে বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। কর্মকর্তারা বলেন, তাঁরা তালেবান বিদ্রোহী ও অন্য জঙ্গিদের হামলা মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছেন।
আফগানিস্তানের সেনাবাহিনীতে সব মিলিয়ে তিন লাখ সদস্য রয়েছেন। বিশেষ বাহিনী তারই একটা ছোট্ট অংশ হলেও এই সেনারাই দেশটির বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অভিযান চালান। পুলিশসহ নিরাপত্তা বাহিনীর অন্য সদস্যরা মূলত বিভিন্ন স্থানের সুরক্ষায় নিয়োজিত থাকেন। আর বিশেষ বাহিনী উত্তরের কুন্দুজ থেকে শুরু করে দক্ষিণের হেলমান্দ প্রদেশ পর্যন্ত বিভিন্ন স্থানে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। কখনো তারা মার্কিন সেনাদের সঙ্গেও অভিযানে অংশ নেয়।
আফগানিস্তানে তবু জঙ্গিদের তৎপরতা জোরালোভাবে অব্যাহত রয়েছে। সরকারি বাহিনীর অনেক সেনা জঙ্গি দমন অভিযানে প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাদ ওয়াজিরি বলেছেন, কমান্ডো বাহিনীকে আরও শক্তিশালী ও সুসজ্জিত করতে হবে।
আফগানিস্তানের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী বিশেষ বাহিনীর শক্তি দ্বিগুণ করার কথা রয়েছে। প্রয়োজনীয় তহবিল জোগাড় করতে সরকার বিদেশি দাতাদের সঙ্গে আলোচনা করছে।
এদিকে ন্যাটো জোট বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন বিল সালভিন বলেন, বিশেষ বাহিনীর যেসব সেনা গত বছরের লড়াইয়ে নিহত হয়েছেন, তাঁদের জায়গা পূরণের প্রতিই সাম্প্রতিক মাসগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। সদস্যসংখ্যা ব্যাপকভাবে বাড়াতে সময় লাগবে।
আফগানিস্তানের আন্তর্জাতিক সহযোগীরা বিশেষ বাহিনীর নৈপুণ্যের নিয়মিত প্রশংসা করে থাকে। দেশটিতে মার্কিন বাহিনীর অধিনায়ক জেনারেল জন নিকোলসন গত বছর ওই বিশেষ বাহিনীর সামর্থ্য বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি গত মাসে বলেন, আফগান বাহিনীকে গত ১৫ বছরের লড়াইয়ের অচলাবস্থা থেকে বের করে আনতে আরও উপদেষ্টা নিয়োগ দেওয়া দরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আফগানিস্তানের ব্যাপারে নীতি চূড়ান্ত করবেন, তখন তাঁকে অবশ্যই ব্যাপারটা বিবেচনায় নিতে হবে।