আকাশপথে জ্বালানি পাঠাতে নেপালের আহ্বান
স্থলসীমান্ত পথে ভারতের ‘অনানুষ্ঠানিক অবরোধ’ ও বিক্ষোভকারীদের বাধার কারণে নেপালে সৃষ্ট জ্বালানি ঘাটতি পূরণে আকাশপথে জ্বালানি সরবরাহে বিদেশি তেল কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে নেপাল। খবর এএফপি ও ইন্ডিয়া টুডের।
গতকাল বৃহস্পতিবার এএফপির খবরে বলা হয়, দুই সপ্তাহ ধরে ভারত-নেপাল সীমান্তের গুরুত্বপূর্ণ এক বাণিজ্য পয়েন্টে পণ্যসামগ্রী বিশেষত জ্বালানি বহনকারী অনেক ট্রাক আটকে পড়ে আছে। এতে নেপালে পণ্যের ঘাটতি দেখা দিয়েছে।
তবে নেপালের অভিযোগ, কাঠমান্ডুর ৯০ কিলোমিটার দক্ষিণে ভারত সীমান্তের গুরুত্বপূর্ণ বীরগঞ্জ বাণিজ্য পয়েন্টে ‘অনানুষ্ঠানিক অবরোধ’ আরোপ করেছে ভারত। এতে স্থল পরিবেষ্টিত নেপালে অপরিহার্য পণ্যের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। সম্প্রতি এ ব্যাপারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের বিরুদ্ধে নালিশও জানায় দেশটি।
তবে অভিযোগ নাকচ করে ভারত বলেছে, নেপালের তরাই অঞ্চলের বাসিন্দা জাতিগত মদেশি ও থারু সংখ্যালঘুদের বিক্ষোভ এবং তাদের সৃষ্ট অবরোধকে ঘিরে যে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, তাতে এ অবরোধকে নেপাল ভারত সরকারের আরোপ করা বলে চিহ্নিত করছে।
অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে নেপালের সরকারি তেল কোম্পানি নেপাল অয়েল করপোরেশনের ব্যবস্থাপক বিজয় সিত্তাল বলেন, ‘আকাশপথে জ্বালানি সরবরাহে আমরা বিদেশি তেল কোম্পানিগুলোর প্রতি অনুরোধ জানিয়েছি।’