
গ্রামের নাম বিসারা। এটুকু বললে কারও মগজে ঘণ্টি না–ও বাজতে পারে। কিন্তু যেই বলা হবে ভারতের রাজধানী দিল্লি থেকে বড়জোর চল্লিশ কিলোমিটার দূরের ওই গ্রামে গোমাংস ভক্ষণের অভিযোগে মহম্মদ আখলাক নামের এক প্রৌঢ়কে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, ব্যস, ওটুকুই যথেষ্ট। আর কিছু বলার প্রয়োজন নেই। মগজে স্মৃতির ঘণ্টি টিং টিং করে বাজতেই থাকবে।
স্বঘোষিত গোরক্ষকদের পিটুনিতে মরে গিয়ে এভাবেই বেঁচে রয়েছেন মহম্মদ আখলাক। তাঁর নামটাই যেন হয়ে গেছে বিসারা গ্রামের মাইলফলক।
আখলাক-কাণ্ড ঘটার আগে বিসারার নাম খবরের কাগজে কখনো ওঠেনি। কিন্তু সেই থেকে যতবার এই গ্রাম খবর হয়েছে, প্রতিবারই সূত্র হয়েছেন আখলাক। এই সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী গেরুয়াধারী আদিত্যনাথ ওই গ্রামে ভোটের প্রচারে এলেন। সেই সফরও খবর হলো মৃত আখলাকের দৌলতে। তাঁকে খুনের অভিযোগে যাঁদের ধরা হয়েছিল, জামিনে এখন যাঁরা মুক্ত, তাঁদের দেখা গেল সামনের সারিতে বসে মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দিতে। মুখ্যমন্ত্রীর বিসারায় আসার অর্থও ছিল স্পষ্ট। কট্টর হিন্দুত্ববাদীদের বোঝানো, তিনি তাঁদের সঙ্গে আছেন। তিনি রক্ষাকর্তা।
এবারের ভোটে বিজেপির রণনীতিও তাই। যে যে রাজ্যের যে যে স্থানে গোরক্ষার নামে মুসলমান ও দলিতদের পিটিয়ে মারা হয়েছে, হিন্দু-মুসলমানে দাঙ্গা হয়েছে, মানুষজনকে ঘরছাড়া হতে হয়েছে, বিজেপি নেতারা সেখানে যাচ্ছেন অভয় দিতে। এতে দুটি কাজ হচ্ছে। ভোটের কাজে ব্যস্ত হিন্দুত্ববাদী সেনানীদের মনোবল তুঙ্গে তুলে রাখা এবং সংখ্যাগুরু মেরুকরণে সাহায্য করা। উত্তর প্রদেশের এই পশ্চিম প্রান্তের কেন্দ্রগুলো ঘুরে দেখছি, শাসক দলের মধ্যে ধর্মীয় মেরুকরণের প্রচেষ্টা কী তীব্র। এই রাজ্যে বিরোধীদের জোটবদ্ধতা জাতের বিভাজন কমিয়ে দিয়েছে। উদ্বিগ্ন বিজেপিরও বোধোদয় ঘটেছে। তারা বুঝেছে, গো বলয়ে সংখ্যাগুরুর মেরুকরণ ঘটানো না গেলে রাজ্যপাট হাতছাড়া হয়ে যাবে—বিশেষ করে উত্তর প্রদেশে। তাই চুলোয় গেছে নরেন্দ্র মোদির উন্নয়ন ও বিকাশের দাবি। আচ্ছে দিনের প্রতিশ্রুতি। ভাষণে শুধুই বলশালী ভারত গড়ার গল্প। নিরাপত্তা। দেশপ্রেম। মোদির বিরোধিতা ও দেশদ্রোহিতা সমার্থক হয়ে গেছে।
সাহারানপুর ও কৈরানায় গিয়ে মুজফফরনগরের দাঙ্গার কথা স্মরণ করিয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাই ভোলেননি। বললেন, ‘দিল্লিতে যখন মিলিজুলি সরকার ও উত্তর প্রদেশে সমাজবাদীদের রাজত্ব, তখন মুজফফরনগরে মা–বোনদের ওপর কী ব্যাপক অত্যাচার হয়েছিল মনে আছে? মনে রাখতে হবেই। ওরা মানুষকে টুকরা টুকরা করতে চায়, আমরা চাই মানুষকে রক্ষা করতে।’
বিসারার জনসভাতেও ঠিক এই সুর ছিল মুখ্যমন্ত্রী আদিত্যনাথের গলায়। বলেছিলেন, হিন্দু সমাজের ওপর যারা আঘাত হানবে, তাদের উচিত শিক্ষা দেওয়াই তাঁদের কর্তব্য। হিন্দু মনে যারা ব্যথা দেবে, তাদের ছেড়ে দেওয়া চলবে না।
বিশেষত্ব বলতে তেমন কিছুই নেই বিসারার। উত্তর ভারতের আর পাঁচটা গ্রামের মতোই ধূসর এবং নিস্তরঙ্গ। রাজধানীর কাছে হলেও চাষাবাদই মুখ্য। তবে বিশেষত্ব না থেকেও আছে। চারদিকে হিন্দু রাজপুতদের বাড়ির মধ্যে আখলাকের বাড়িটাই ছিল একমাত্র মুসলমানের! সত্তর বছর আগে তৈরি ওই বাড়ি। ধারেকাছে আর কোনো মুসলমানের ঘর নেই। গ্রামের প্রান্তে মুসলমানদের বাস। মসজিদও সেখানে। গ্রামীণ ভারতে দেড় শ ঘর হিন্দুর মধ্যে একক মুসলমানের এমন সহাবস্থান অবশ্যই বিস্ময়! দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের এ মাথা থেকে ও মাথা ঘুরলাম। বিস্ময় অপেক্ষায় সেখানেও! একটাও বিরোধী পতাকা চোখে পড়ল না! মন্দিরে, বাড়িতে, গাছের ডালে, স্কুলের সদরে পতপত করে উড়ছে শুধুই বিজেপির পদ্ম। আখলাক নিয়ে আলোচনাতেও কারও আগ্রহ নেই। নারী-পুরুষ-শিশুমনে অনুতাপেরও ছোঁয়া নেই। ভাবখানা এমন, একটা ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাও বলা যায়। এ নিয়ে বিস্তর কথা হয়েছে। আর কথা চালাচালির কোনো প্রয়োজন নেই।
প্রয়োজন হয়তো নেই, কিন্তু বিসারার কাছে ওই ঘটনাই ছিল যথেষ্ট। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বরের সেই রাতে বিসারায় ঘুম নামছিল। সপরিবারে শুয়েও পড়েছিলেন মহম্মদ আখলাক। এমন সময় এক দল সশস্ত্র উন্মত্ত জনতার বাড়ি চড়াও। ৫২ বছরের আখলাক ও তাঁর ২২ বছরের ছেলে দানিশকে মারতে মারতে বাড়ির বাইরে নিয়ে আসে জনতা। অভিযোগ, গ্রামের বাছুর চুরি করে তার মাংস খাওয়ার। সেই পিটুনি আখলাক সইতে পারেননি। বাড়ির সামনেই তাঁর মৃত্যু। মারাত্মক আহত দানিশ বেঁচে ওঠেন চার দিন ধরে যমে-মানুষে টানাটানির পর। সেই প্রথম বিসারা গ্রামের খবর হয়ে ওঠা।
এরপরের কাহিনি আখলাকের পরিবারের গৃহত্যাগের। সাদামাটা যে দোতলা বাড়ির সদরের ওপর সিমেন্ট খোদাই করে ‘বিসমিল্লাহ হির রহমানির রহিম’-এর পাশে লেখা ‘আল্লাহু’ এবং তারপর ‘আল্লার দান’, সেই গৃহ তালাবদ্ধ করে অবশিষ্ট পরিবার চলে যায় নিরাপদ দিল্লিতে। চার বছর হলো ওই বাড়ি বন্ধ। কচি অশ্বত্থের চারা গা ঝাড়া দিয়ে উঠছে সদরের পাশে।
বিসারার ভোল বদলাল এরপর থেকে। গ্রামের মূল রাস্তা তো বটেই, ভেতরের সব গলি কংক্রিটে মুড়ে দেওয়া হলো। এখন আর বর্ষায় মেঠো রাস্তা জল থই থই হয় না। দশ–বিশ হাত দূরে দূরে বসানো হয়েছে সৌরবাতি। নর্দমা পাকা করা হয়েছে। পানীয় জলের ট্যাংক বসানো হয়েছে। বাড়ানো হয়েছে বিদ্যুতের ট্রান্সফরমার। গাঁয়ে বসেছে স্থায়ী পুলিশ চৌকি। বিসারা গ্রাম এখন নিরাপদ, নিশ্চিন্ত ও উন্নত এবং পুরোপুরি গৈরিক।