
আগামী আগস্ট মাসের মধ্যে সিরিয়ার একটি নতুন সংবিধানের খসড়া দেখতে চায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এ বিষয়ে দুই দেশ একমত হয়েছে বলে জানিয়েছেন রাশিয়া সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত বৃহস্পতিবার দীর্ঘ চার ঘণ্টা বৈঠকের পর এ কথা বলেন কেরি। তিনি বলেন, রাজনৈতিকভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা জোরদার করতে সিরিয়ার সরকার এবং বিদ্রোহীদের ওপর চাপ দেওয়ার বিষয়েও রাশিয়ার সঙ্গে ঐকমত্য হয়েছে। কেরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
প্রেসিডেন্ট পুতিন অনেকটা হঠাৎ করেই সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের ঘোষণা দেন সম্প্রতি। এর দিন দশেক পরেই কেরি রাশিয়া সফরে গেলেন। সংবাদ সম্মেলনে কেরি বলেন, ‘সিরিয়ায় রাজনৈতিকভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ এবং একটি নতুন সংবিধানের বিষয়ে আমরা একমত হয়েছি।’
তবে পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়ার মিত্র বলে পরিচিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে কোনো কথা বলেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি শুধু এটুকু বলেন, ‘আমরা এ বিষয়ে একমত হয়েছি যে, বাশার আল-আসাদকে সঠিক কাজটি করতে হবে। তাঁকে শান্তি আলোচনায় থাকতে হবে।’
যুক্তরাষ্ট্র-সমর্থিত বাশারবিরোধীরা তাঁর পদত্যাগের দাবিতে অনড়। আর রাশিয়া বারবার একটি কথাই বলে, বাশার থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল সিরিয়ার নাগরিকেরা।
সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, সিরিয়ার সরকার এবং বিরোধীদের জেনেভায় প্রত্যক্ষ আলোচনায় যোগ দিতে চাপ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐকমত্য হয়েছে।
জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়ার সরকারের সঙ্গে বিদ্রোহীদের পরোক্ষ এই দফার আলোচনা বৃহস্পতিবার শেষ হয়েছে। সিরিয়া বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত স্তেফান দ্য মিস্তুরা বলেছেন, তিনি দুই দেশের মধ্যে কিছু বিষয়ে ঐকমত্য লক্ষ করেছেন। এ আলোচনা আগামী মাসে আবার শুরু হবে।
এদিকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে প্রাচীন শহর পালমিরাকে মুক্ত করতে অনেকটা এগিয়ে গেছে দেশটির সরকারি বাহিনী। সরকার-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সানা এবং যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার ও পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল এ কথা জানিয়েছে। সানার খবরে বলা হয়, পালমিরা শহরের বাইরের উঁচু একটি এলাকা সরকারি বাহিনী দখল করে ফেলেছে। আর অবজারভেটরি বলেছে, নগরের দক্ষিণ-পশ্চিমের কাছাকাছি পৌঁছে গেছে সরকারি ও আধা সামরিক বাহিনী।