আগুন থেকে হংকংয়ের পুনর্জন্ম হয়েছে: সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাজ্য থেকে হংকং হস্তান্তরের ২৫তম বার্ষিকীর আগে আজ বৃহস্পতিবার চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে সফরে গেছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। সেখানে তিনি বলেছেন, ‘আগুন থেকে হংকং নতুন করে জন্ম নিয়েছে।’ গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের পর হংকংয়ে এটাই তাঁর প্রথম সফর।

২০১৯ সালে হংকংয়ে কয়েক মাস বিক্ষোভ করেছিলেন সেখানকার গণতন্ত্রপন্থীরা। বিক্ষোভ ঠেকাতে ওই সময় ব্যাপক ধরপাকড় ও দমনাভিযান চালায় বেইজিং। এরপর সির প্রথম সফরে বিশ্ব বাণিজ্য কেন্দ্র হংকংয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রদর্শনীর সুযোগ পেয়েছে চীনা কমিউনিস্ট পার্টি।

হংকংয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি দ্রুতগতির ট্রেন স্টেশনে পৌঁছানোর পর চিন পিং বলেন, এই সময়ে হংকং একাধিক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। একাধিক ঝুঁকি ও চ্যালেঞ্জ উতরে গেছে। এ ঝড়ের পর আগুনের মধ্য থেকে হংকং নতুন করে জন্ম নিয়েছে। একই সঙ্গে আরও শক্তিশালী হয়েছে এর জীবনীশক্তি।

আগামীকাল শুক্রবার চীনের হংকংয়ের নিয়ন্ত্রণ পাওয়ার ২৫তম বার্ষিকী। এর মধ্য দিয়ে অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার যে সময়সীমা, তার অর্ধেক পার হতে যাচ্ছে। যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি অনুযায়ী হস্তান্তরের ৫০ বছর পর (১৯৪৭ সাল) হংকংয়ের পূর্ণ নিয়ন্ত্রণ পাবে চীন। তবে চুক্তি অনুসারে অঞ্চলটি স্বায়ত্তশাসন ও স্বাধীন থাকবে।

অবশ্য পর্যবেক্ষকেরা বলছেন, ২০১৯ সালের বিক্ষোভের পর বেইজিংয়ের করা কঠোর জাতীয় নিরাপত্তা আইন হংকংয়ের জন্য প্রতিশ্রুত স্বাধীনতার চরম লঙ্ঘন।

কিন্তু হংকং সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট সি বলেছেন, এসব ঘটনা প্রমাণ করেছে এক দেশ দুই শাসননীতির এই পদ্ধতি সত্যিকারের মহান জীবনীশক্তি। তিনি আরও বলেন, এটা হংকংয়ে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও উন্নতির নিশ্চয়তা দিতে পারে এবং একই সঙ্গে হংকংয়ের মানুষের কল্যাণের পক্ষে কাজ করবে।