আঙ্কারায় হামলার দায় স্বীকার টিএকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকন (টিএকে) গত সপ্তাহে তুরস্কের আঙ্কারায় বোমা হামলার দায় স্বীকার করেছে। গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি এ দায় স্বীকার করে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সহযোগী সংগঠন টিএকে।
টিএকের ওয়েবসাইটে গতকাল দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ফ্যাসিস্ট তুর্কি প্রজাতন্ত্রের রাজধানীতে (আঙ্কারায়) গত ১৩ মার্চ সন্ধ্যায় আত্মঘাতী হামলা হয়। আমরা এর দায় স্বীকার করছি।’
ওই হামলায় ৩৭ জন নিহত হয়।
তুরস্কের দক্ষিণ-পূর্ব এলাকায় কুর্দি-অধ্যুষিত এলাকায় দেশটির নিরাপত্তাবাহিনীর অভিযানের প্রতিশোধ হিসেবেই এ হামলা হয় বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। টিএকে দাবি করে, তিন সপ্তাহ আগে আঙ্কারায় আরেক বিস্ফোরণও তারাই ঘটায়। ওই হামলায় মারা যায় ২৯ জন।
গত রোববারের হামলার পরপরই তুরস্ক সরকার পিকেকে এই হামলার বিষয়ে দায়ী করে। সরকার দাবি করেছে, হামলাকারীদের একজন ছিলেন নারী। তিনি পিকেকের সদস্য। ওই নারী সিরিয়ায় সক্রিয় কুর্দি সশস্ত্র সংগঠন পিপলস প্রোটেকশন ইউনিটের (ওয়াইপিজি) কাছে প্রশিক্ষণ পেয়েছিলেন।
১৯৮৪ সাল থেকে অধিক স্বায়ত্তশাসনের দাবিতে কুর্দিরা রক্তাক্ত সশস্ত্র লড়াই শুরু করে। এ পর্যন্ত এ সংঘাতে ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।