আছড়ে পড়ল ৭০০ কেজির ঘুড়ি, আহত ৪
ঘুড়ি উৎসব দেখতে গতকাল রোববার জাপানের হিয়াজিওমি শহরের শিগা এলাকার একটি পার্কে জড়ো হয়েছিলেন দর্শনার্থীরা। কিন্তু বিধিবাম। আচমকা একটি ঘুড়ি এসে পড়ল দর্শনার্থীদের ওপর। আর এতে আহত হলেন ছেলে-বুড়োসহ চারজন। কেন না এই ঘুড়ি তো আর যেন তেন ঘুড়ি না। এর ওজন ছিল ৭০০ কেজি! আজ সোমবার এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।
হিয়াজিওমি শহরটি ঘুড়ি উৎসবের জন্য বেশ পরিচিত। প্রতি বছর জাপানে আয়োজন করা হয় বিভিন্ন ঘুড়ি উৎসবের। উড়ানো হয় বিশাল বিশাল দৈত্যাকৃতির ঘুড়ি।
উৎসবের আয়োজকেরা জানান, গতকাল আকাশ থেকে যে ঘুড়িটি নিচে পড়ে যায় এটি বাঁশের ফ্রেম দিয়ে তৈরি ছিল। এটির দৈর্ঘ্য ১৩ মিটার ও প্রস্থ ১২ মিটার।
জাপানের বাড়ির মেঝেতে যেসব মাদুর ব্যবহার করা হয় এমন ১০০টি মাদুরের সমান ছিল ঘুড়িটি।
কিয়োদো বার্তা সংস্থা জানায়, ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ ও সাত বছর বয়সী এক ছেলে এবং আরও দুজন আহত হয়েছেন।
গণমাধ্যমের খবরে বলা হয়, ২০০ মিটার উঁচু থেকে ঘুড়িটি নিচে পড়ে। এই ঘটনায় পেশাদারির কোনো অবহেলা আছে কি না, তা পুলিশ তদন্ত করে দেখছে।
স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গতকাল সন্ধ্যার দিকে হিয়াজিওমি শহর ও শিগা এলাকার কিছু অংশের ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলে আগেও সতর্ক করা হয়েছিল।
২০০৪ সালে টোকিওর দক্ষিণে কানাগাওয়া এলাকায় এক টন ওজনের ঘুড়ির আঘাতে আটজন আহত হয়েছিলেন।