আজ থেকে সু চির এনএলডি মিয়ানমারের ক্ষমতাসীন দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে নতুন পার্লামেন্টের অধিবেশন বসবে আজ সোমবার। এর মধ্য দিয়ে দেশের ক্ষমতাসীন দল হিসেবে আত্মপ্রকাশ করবে গণতন্ত্রের জন্য কয়েক দশকের সংগ্রাম করা অং সান সু চির শিবির। ১৯৬২ সালে সেনাবাহিনী দেশের ক্ষমতা দখল করে নেওয়ার পর এই প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাবে মিয়ানমার। খবর রয়টার্সের।
সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) গত নভেম্বর মাসের ঐতিহাসিক নির্বাচনে পার্লামেন্টের মোট আসনের ৮০ শতাংশে জয়লাভ করে। কিন্তু জান্তা আমলে রচিত সংবিধানের কারণে তাদের সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে হবে।
সু চির এনএলডি-নিয়ন্ত্রিত পার্লামেন্টের প্রথম অধিবেশন এটি। নভেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারে ক্ষমতার পালাবদলের যে ধারা শুরু হয়েছে, তা আরেক ধাপ এগোবে। ক্ষমতার এই পালাবদল শেষ হবে আগামী এপ্রিল মাসে; আনুষ্ঠানিকভাবে এনএলডির সরকার গঠন করার মধ্য দিয়ে।
এনএলডির জ্যেষ্ঠ নেতা উইন টেইন বলেন, ‘আমরা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে পারি।’ তবে দলটির অন্য নেতারা বলেছেন, প্রেসিডেন্ট মনোনয়নের প্রক্রিয়া শুরু হতে হতেই এ মাসের শেষের দিকে গড়িয়ে যেতে পারে।
চলতি সপ্তাহে এনএলডি মূলত পার্লামেন্টের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ওপরে বেশি জোর দেবে। গত সপ্তাহে এসব পদের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। এর বাইরে ৮ ফেব্রুয়ারি প্রাদেশিক ও আঞ্চলিক পরিষদের অধিবেশন শুরুর প্রস্তুতিও গ্রহণ করবে তারা। এসব পরিষদের বেশ কটিই জাতিগত সংখ্যালঘুদের দখলে।