আজকের মধ্যে চুক্তি হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে পারমাণবিক আলোচনায় এখনো বড় ধরনের কিছু মতপার্থক্য রয়ে গেছে। এতে করে নির্ধারিত সময়সীমার মধ্যে কাঙ্ক্ষিত চূড়ান্ত চুক্তি হচ্ছে না। উভয় পক্ষই গত রোববার বিষয়টি স্বীকার করেছে।
আলোচনার অগ্রগতি নিয়ে নিজ দেশে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের নেতৃত্বাধীন দল রোববার তেহরান ফিরে গেছে। খবর এএফপি ও রয়টার্সের।
দুই পক্ষের মধ্যে সর্বশেষ দফা সংলাপ অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত হচ্ছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবারের মধ্যেই চুক্তি হওয়ার কথা। তবে আলোচনায় অংশ নেওয়া একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘বাড়তি সময়ের দরকার হলে এ আলোচনা ৩০ জুনের পরও কয়েক দিন চলতে পারে।’ ইরানের একজন কর্মকর্তাও বলেছেন, প্রয়োজন হলে বাড়তি কয়েক দিন চলতে পারে।
ভিয়েনা সংলাপে রোববার যোগ দিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, একটা খারাপ চুক্তি হওয়ার চেয়ে চুক্তি না হওয়া ভালো। প্রয়োজন হলে আলোচনায় সম্পৃক্ত ছয় পরাশক্তি আলোচনা থেকে বেরিয়ে যাবে।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি বলেছেন, তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে গত ১৩ বছর ধরে চলমান টানাপোড়েন দূর করতে গত দুই বছরে নিবিড় আলোচনা চলছে। কিন্তু এই সমস্যা সমাধানে এখনো ‘রাজনৈতিক সদিচ্ছা’ দরকার।