অস্ট্রেলিয়া মাদক পাচারের মামলায় দোষী সাব্যস্ত হওয়া তাদের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর বিলম্বিত করতে আবারও ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। আজ মঙ্গলবারের মধ্যেই আট বিদেশির দণ্ড কার্যকরের বিষয়ে নোটিশ জারির পর এ আহ্বান জানাল দেশটি। খবর বিবিসির।
অস্ট্রেলিয়া বেশ কিছুদিন ধরেই তাদের দুই নাগরিকের মৃত্যুদণ্ড ঠেকানোর চেষ্টা করে আসছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ বিষয়টি নিয়ে গত রোববার রাতেও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে কথা বলেছেন। বিশপ বলেন, ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালতে করা একটি আবেদনের ওপর শুনানি এখনো বাকি রয়েছে। এ ছাড়া বিচার বিভাগীয় কমিশনে পৃথক একটি ঘটনার তদন্তও এখনো শেষ হয়নি।
পৃথকভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে চিঠি লিখেছেন। দণ্ড কার্যকর করা থামাতে এটা সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এন্ড্রু চ্যান ও মাইয়ুরান সুকুমারান নামের ওই অস্ট্রেলীয় দুই নাগরিক মাদক পাচারের মামলায় ২০০৬ সালে ইন্দোনেশিয়ার আদালতে দোষী সাব্যস্ত হন। মামলায় মৃত্যুদণ্ডের রায় হওয়া আরও ছয় বিদেশি ও এক ইন্দোনেশীয়কে অবিলম্বে তাঁদের দণ্ড কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। অন্যরা ব্রাজিল, নাইজেরিয়া, ফ্রান্স ও ফিলিপাইনের নাগরিক।
বিশ্বনেতাদের আহ্বান, উদ্বেগ আর নিন্দা উপেক্ষা করে ইন্দোনেশিয়া সরকার ওই আট বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্তে অটল রয়েছে। দেশটি গত শনিবার ফ্রান্স ছাড়া অন্য দেশগুলোর নাগরিকদের চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে, ফায়ারিং স্কোয়াডে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিকে দণ্ড কার্যকরের বিষয়ে ৭২ ঘণ্টা আগে নোটিশ দিতে হয়। এর অর্থ, আজ মঙ্গলবারের মধ্যেই তাঁদের দণ্ড কার্যকর করার কথা।
দণ্ডিতদের একজন ফরাসি স্যার্জ আতলাউয়ির করা একটি আবেদনের ওপর আদালতে শুনানি বাকি রয়েছে। ফ্রান্স হুঁশিয়ার করে দিয়ে বলেছে, দণ্ড কার্যকর করা হলে তার ‘পরিণতি’ ভোগ করতে হবে জাকার্তাকে।
ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায় ৮ কেজি ৩০০ গ্রামের বেশি হেরোইন পাচারের চেষ্টা করার অভিযোগে ওই বিদেশিদের ২০০৫ সালে বালি দ্বীপ থেকে গ্রেপ্তার করা হয়। ‘বালি নাইন’ নামে পরিচিত ওই ঘটনার সঙ্গে জড়িত অন্যরা হয় যাবজ্জীবন, না-হয় ২০ বছরের জেল খাটছেন।