
তিন প্রতিবেশী চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক সীমানা বিরোধ নিষ্পত্তি ও কূটনৈতিক উত্তেজনা নিরসনের ওপর গুরুত্ব দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গতকাল শনিবার অনুষ্ঠিত বৈঠকে এ অভিমত দেন তাঁরা। তিন বছরের মধ্যে এই প্রথম আলোচনায় বসলেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
উত্তর-পূর্ব এশিয়ার এই তিন প্রতিবেশী দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক বন্ধন রয়েছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অনেক তিক্ততা রয়ে গেছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, তিন দেশের শীর্ষ কূটনীতিকেরা ভবিষ্যতের দিকে তাকাতে সমর্থ হবেন বলে তিনি আশাবাদী।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউন বাইউং-সে গতকাল জাপানি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে সিউলে স্বাগত জানান। এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সর্বশেষ বৈঠক হয়েছিল ২০১২ সালের এপ্রিলে। সেটি ছিল তাঁদের ষষ্ঠ বার্ষিক ত্রিপক্ষীয় আলোচনা। পরের বছর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে টোকিওতে একটি বিতর্কিত সমাধিসৌধ পরিদর্শন করায় চীন ও দক্ষিণ কোরিয়া ক্ষুব্ধ হয়েছিল। সমাধিসৌধটি তৈরি করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি নাগরিকদের স্মরণে, যাঁদের মধ্যে বেশ কয়েকজন কুখ্যাত যুদ্ধাপরাধীও রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ‘যৌন দাসী’ হিসেবে ব্যবহৃত চীনা ও কোরীয় নারীদের ওপর অত্যাচারের জন্য যথেষ্ট অনুশোচনা করেনি বলে চীন ও দক্ষিণ কোরিয়ার অভিযোগ।
এবারের ত্রিপক্ষীয় আলোচনায় আঞ্চলিক উত্তেজনা নিরসন এবং সীমানা ও অন্যান্য বিষয় নিয়ে ঐতিহাসিক বিরোধ মীমাংসার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ওই বৈঠকের আগে নিজেদের মধ্যে আলোচনা করেন। তাঁরা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জবাবে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলাপ করেন। জাপানি পররাষ্ট্রমন্ত্রী কিশিদা বলেন, দুই দেশের মধ্যে জটিল বিভিন্ন বিষয় থাকা সত্ত্বেও বিভিন্ন পর্যায়ে সহযোগিতামূলক সম্পর্ককে শক্তিশালী করার জন্য পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা হবে।
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবারের ত্রিপক্ষীয় বৈঠকটিকে আনুষ্ঠানিক সংলাপের পথে একটি পরীক্ষামূলক ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি সফল হলে চলতি বছরের শেষ নাগাদ তিনটি দেশের শীর্ষ সম্মেলন হতে পারে বলে আশা করা হচ্ছে।
জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সুসম্পর্ক না থাকার বিষয়টি উভয়ের মিত্র যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র ওই দুই দেশকে এশিয়ায় নিজেদের মূল সামরিক মিত্র হিসেবে বিবেচনা করে।
চীন ও জাপান সম্প্রতি উচ্চপর্যায়ে নিরাপত্তা আলোচনায় অংশ নিয়েছে। দুই দেশের মধ্যে এ ধরনের বৈঠক গত চার বছরে এটাই প্রথম। পূর্ব চীন সাগরে কয়েকটি দ্বীপ নিয়ে উত্তেজনার পর ওই আলোচনায় সামুদ্রিক বিষয়ে সরাসরি যোগাযোগব্যবস্থা (হটলাইন) গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়। সেনকাকু বা দিয়াউয়ু নামে পরিচিত দ্বীপ এলাকা নিয়ে গত কয়েক বছরে চীন ও জাপানের মধ্যে বেশ কয়েক দফা দ্বন্দ্ব হয়েছে।