আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা নাকচ করা যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক অস্ত্রধারী হওয়া সত্ত্বেও পারস্পরিক উত্তেজনার জেরে আরেকটি আঞ্চলিক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। পাকিস্তানের নিরাপত্তার জন্য ভারত একটা হুমকি। প্রতিবেশী দেশটি এখন সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে হামলার (সার্জিক্যাল স্ট্রাইক) নতুন কৌশল নিয়েছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশন এই মন্তব্য করেছে।
ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশন ১৫ মাসের ওই গবেষণায় পাকিস্তান, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত চক্রের’ ওপর গুরুত্ব দিয়েছে। প্রতিষ্ঠানটির যুক্তি, পারমাণবিক শক্তিধর চার দেশের কৌশলগত সক্রিয়তা কেবল একটি দ্বীপের ভিত্তিতে পুরোপুরি বোঝা যাবে না। গবেষণা প্রতিবেদনের ভাষায়, পাকিস্তান যখন ভারতকে কৌশলগত জবাব দেয়, ভারত তখন একই সঙ্গে পাকিস্তান ও চীনের উদ্দেশে জবাব দেয়। পরিণামে চীন ভারত ও যুক্তরাষ্ট্রকে প্রতিক্রিয়া জানায়।
পারমাণবিক অস্ত্রের সামর্থ্যের বিষয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি বিবেচনায় নিয়ে ব্রুকিংস এই প্রথম কোনো গবেষণা প্রতিবেদন প্রকাশ করল। তারা এতে লিখেছে, ভারত সংযত না হলে পাকিস্তান একতরফাভাবে নিজেদের পারমাণবিক প্রকল্প নিয়ন্ত্রণ করবে বলে মনে হয় না। আবার চীন সংযত না হলে ভারতও নিজেদের পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে আগ্রহ দেখাবে না অথবা দ্বিপক্ষীয় নিয়ন্ত্রণের পথে যাবে না। আর চীনের সামর্থ্য নিয়ে উদ্বেগের জবাবে যুক্তরাষ্ট্র সংযত না হলে বেইজিং নিজেদের কৌশলগত আধুনিকায়নের চেষ্টা অব্যাহত রাখতে পারে।
গবেষণায় আরও বলা হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পাকিস্তান ও চীনের দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্কের বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে। আবার বিভিন্ন ক্ষেত্রে ভারত-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে পাকিস্তানও উদ্বেগ জানিয়েছে, বিশেষত ভারত-মার্কিন বেসামরিক পারমাণবিক চুক্তির সময়।
গবেষণায় উল্লেখ না থাকলেও দক্ষিণ এশিয়ার কৌশলগত সক্রিয়তায় আরেকটি পরাশক্তির (রাশিয়া) প্রভাব সম্পর্কে ইঙ্গিত রয়েছে। গবেষকেরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীন ও ভারতের মধ্যে পারমাণবিক দূরত্ব কমে এলে বেইজিং ভারত-পাকিস্তানের পারমাণবিক প্রতিযোগিতার প্রতি মনোযোগ দিতে শুরু করতে পারে। কারণ, চীন মনে করে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রচিলত পারমাণবিক ও সামরিক দূরত্ব বাড়লে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।
ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষণা প্রতিবেদনটির রচয়িতারা লিখেছেন, ভারতের রাজনৈতিক নেতৃত্ব অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি উচ্চাভিলাষী সামরিক সামর্থ্য অর্জনের পথে এগোতে চাইছেন। এ ক্ষেত্রে তাঁরা পশ্চিমা সমর্থনও পাচ্ছেন। অর্থবহ ও টেকসই একটি ফলপ্রসূ সংলাপের অভাব এবং ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারি ক্রমশ বৃদ্ধির বিষয়টি পাকিস্তানের জন্য গভীর উদ্বেগের। ভারত তাদের প্রথম পারমাণবিক পরীক্ষার ৪২ বছর পর সামরিক খাতে যে পরিমাণ খরচ করে, তা এই খাতে পাকিস্তানের খরচের তুলনায় সাত গুণ বেশি।
ভারত অনেক সময় যুক্তি দেখায়, তারা চীনের হুমকি মোকাবিলার জন্যই ক্ষেপণাস্ত্র তৈরি রেখেছে। এই যুক্তি প্রত্যাখ্যান করে ব্রুকিংসের গবেষণা প্রতিবেদন বলছে, ভারতের সবচেয়ে বেশি আধুনিক, নিখুঁত ও প্রয়োগের জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্রগুলো চীনের চেয়ে বরং পাকিস্তানের বিরুদ্ধে বেশি কার্যকরভাবে ব্যবহৃত হবে।
চীন সামরিক ব্যয় ৭ শতাংশ বাড়াচ্ছে
বিবিসি জানায় চীন চলতি বছর সামরিক খাতে ব্যয় ৭ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দেশের প্রতিরক্ষা বাজেট প্রায় ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়ার কয়েক দিনের মধ্যে বেইজিং এ পদক্ষেপ নিল। এ নিয়ে টানা দ্বিতীয় বছর তারা প্রতিরক্ষা খাতে খরচ বাড়াচ্ছে।
অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে চীন নিজেদের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের দিকে মনোযোগ দিচ্ছে। তাদের ঘোষিত প্রতিরক্ষা বাজেট এখনো মার্কিন প্রতিরক্ষা বাজেটের তুলনায় কম। কিন্তু পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করেন, বাস্তবে চীনের এই বাজেট আরও অনেক বেশি।
সরকারের মুখপাত্র ফু ইং বলেন, এ বছর তাঁদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ১ দশমিক ৩ শতাংশ প্রতিরক্ষা খাতে খরচ হবে।