আট মাসের শিশুসহ তিন ফিলিস্তিনিকে হত্যা
ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে গতকাল শুক্রবার আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে আট মাসের একটি শিশু। এ ছাড়া ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও গাজায় আহত হয়েছে অসংখ্য ফিলিস্তিনি। খবর আল–জাজিরার।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, বেথলেহেমের কাছে একটি গ্রামে ইসরায়েলি বাহিনী কাঁদানে গ্যাসের শেল ছুড়লে রামাদান মোহামেদ ফয়সাল থাবাবতা নামে আট মাসের একটি শিশুর মৃত্যু হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গতকাল দিনের প্রথম হত্যাকাণ্ডটি ঘটে পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে একটি তল্লাশিচৌকিতে। ইসরায়েলি পুলিশের গুলিতে কাশেম সাবানা নামে ২০ বছর বয়সী এক তরুণ নিহত ও অজ্ঞাত আরেক (১৭) কিশোর আহত হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী আল–জাজিরার এক সাংবাদিক জানান, পুলিশ অন্তত সাতটি গুলি ছোড়ে।
এ ছাড়া পূর্ব জেরুজালেমে এক ইসরায়েলি বসতি স্থাপনকারীকে আক্রমণের অভিযোগে নিরাপত্তা কর্মকর্তারা এক ফিলিস্তিনিকে গুলি করেন। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই ফিলিস্তিনির মৃত্যু হয়।
১ অক্টোবরের পরে ইসরায়েলি বাহিনী অথবা বসতি স্থাপনকারীদের গুলিতে অন্তত ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে ফিলিস্তিনিদের ছুরিকাঘাত অথবা গুলিতে নিহত হয়েছে অন্তত নয়জন ইসরায়েলি।