সারা বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণ ‘খুশির দেশ’ থাইল্যান্ড। কিন্তু সেই দেশের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে গত সোমবার ভয়াবহ এক হামলার পর আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন সেখানে অবস্থানরত পর্যটকেরা।
থাইল্যান্ডের জাতীয় আয়ের বড় উৎস পর্যটন খাত। বোমা বিস্ফোরণের পর সেই পর্যটন খাত বড় হুমকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন দেশটির সরকার এবং অর্থনীতির বিশ্লেষকেরা। কয়েকটি রাজনৈতিক গোলযোগে বিপর্যস্ত থাইল্যান্ডের অর্থনীতির জন্য এই হামলা নতুন অশনিসংকেত বলেই মনে করছেন তাঁরা। খবর এএফপির।
২০০৬ সালের পর থেকে ব্যাংককে একাধিক রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে দুবার সামরিক অভ্যুত্থান হয়েছে। তবে সেই সব সংঘাতের শিকার হতে হয়নি বিদেশি পর্যটকদের। তবে এবার পরিস্থিতি ভিন্ন। থাই পুলিশ বলেছে, সোমবারের হামলায় নিহত ২৩ জনের মধ্যে আটজনই বিদেশি। এর মধ্যে চীন, হংকং ও মালয়েশিয়ার দুজন করে মোট ছয়জন এবং ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের একজন করে।
ইরাওয়ান মন্দিরটি পাঁচতারকা হোটেল গ্র্যান্ড হায়াতের পাশে। এর চারপাশজুড়ে আছে আরও বড় বড় হোটেল আর শপিং মল। যেখানে প্রতিদিন উপচে পড়া ভিড় থাকে নানা দেশ থেকে আসা পর্যটকদের। সোমবার সন্ধ্যায় হামলার পর এসব শপিং মল একেবারে জনশূন্য হয়ে পড়ে। রাস্তায় তখন কেবল পুলিশ, সেনা কর্মকর্তাদের ভিড়।
ব্রিটিশ পর্যটক মাইকেল উইলিয়ামস (৬৯) প্রায়ই থাইল্যান্ডে বেড়াতে যান। তিনি বলছিলেন, ‘এই হামলার পর এ দেশে আমার আসা বন্ধ হবে না। তবে আমি নিশ্চিত, এই হামলার পর থাইল্যান্ডের অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব পড়বে। থাইল্যান্ডে আসার আগে নিশ্চিতভাবেই মানুষ দুবার ভাববে।’
অস্ট্রেলীয় নাগরিক হাওয়ার্ড ফেনটন সোমবারের হামলার পর হতভম্ব হয়ে পড়েছেন। এর আগে সরকারবিরোধী আন্দোলনের সময় তিনি থাইল্যান্ডে এসেছিলেন। ফেনটন বলছিলেন, ‘কয়েক বছর ধরেই বেশ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে থাইল্যান্ড। আগের ঝামেলা মিটে গিয়ে কিছুটা স্বস্তি এসেছিল। কিন্তু আবার এই হামলা সত্যিই ভীতিকর।’
সোমবারের হামলার পরদিনই হংকংয়ের সরকার নিজ দেশের নাগরিকদের থাইল্যান্ড সফরে সতর্ক করে বলেছে, যাঁরা ব্যাংকক সফরের পরিকল্পনা করছেন, তাঁরা তাঁদের সফরসূচি নতুন করে সমন্বয় করে নিন। খুব বেশি জরুরি না হলে এই সময় ব্যাংককে যাওয়ার প্রয়োজন নেই।