আত্মঘাতী হামলায় ১০ আফগান পুলিশ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের পুলিশ সদর দপ্তরে চার তালেবান জঙ্গির আত্মঘাতী হামলায় পুলিশের অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাজধানী কাবুলের দক্ষিণে পুলি আলম শহরে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, প্রাদেশিক সরকারের মুখপাত্র দ্বীন মোহাম্মদ দারউয়েশ বার্তা সংস্থা এএফপিকে জানান, চার আত্মঘাতী বোমা হামলাকারী পুলিশের প্রধান কার্যালয়ে হামলায় অংশ নেন। তাঁদের একজন ফটকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হন দুজন। তবে তাঁদের অপর সঙ্গী সবার চোখ ফাঁকি দিয়ে কার্যালয়ের ভেতরে ঢুকে পুলিশদের খাবার ঘরে আত্মঘাতী বোমা হামলা চালান। এতে ১০ পুলিশ নিহত ও আটজন আহত হয়েছেন।
লোগার প্রদেশের পুলিশপ্রধান আবদুল হাকিম ইশাকজাই হতাহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন।