প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন দ্বীপ গুয়ামে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছে জাপান। গত শনিবার থেকে দেশটির সেলফ ডিফেন্স ফোর্সেসের (এসডিএফ) ঘাঁটিগুলোয় পৌঁছাতে শুরু করেছে জাপানের স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-থ্রি (পিএসি-৩)।
জাপানের চারটি প্রিফেকচারের মধ্যে সম্ভাব্য যে তিনটির ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র গুয়ামের দিতে ছুটে যেতে পারে, সেগুলোয় এসডিএফের ঘাঁটিতে এই পিএসি-৩ বসানো হবে। গত সপ্তাহে পিয়ংইয়ংয়ের বিবৃতিতে গুয়ামে হামলা চালানোর হুমকির পরিপ্রেক্ষিতে জাপানের শিমানে, হিরোশিমা ও কোচি প্রিফেকচারের নাম উল্লেখ করা হয়েছিল। কোরিয়ান পিপলস আর্মির কমান্ডার জেনারেল কিম রাক গিয়ম ওই বিবৃতিতে বলেন, মধ্য আগস্টেই গুয়ামে চারটি অন্তর্বর্তী পাল্লার কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোয়াসং-১২ হামলা চালানোর পরিকল্পনা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সামনে উপস্থাপন করা হবে।
এসডিএফের এক মুখপাত্র বলেছেন, পিএসিগুলো আসলে গুয়ামের দিকে ছুটে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলোকে ‘বিশেষ কারণ ছাড়া’ ভূপাতিত করবে না। তবে এই বিশেষ কারণটি কী, তা জানাননি ওই মুখপাত্র। তিনি আরও জানান, জাপানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা অ্যাজিস জাপান ও কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী জলরাশিতে ভাসানো হয়েছে। এই ব্যবস্থা একনাগাড়ে ১০০ ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে এবং সেগুলো ধ্বংসে ব্যবস্থা নিতে পারে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং-মু সশস্ত্র বাহিনীকে পুরোপুরি প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া প্রেসিডেন্ট মুন জে-ইন গতকাল সোমবার সে দেশে মার্কিন সেনাপ্রধান জেনারেল জোসেফ ডানফোর্ডের সঙ্গে সাক্ষাৎ করেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এ সময় তিনি সব পক্ষকে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ায়, এমন কথা ও কাজ এড়ানোর আহ্বান জানান।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সৃষ্ট উত্তেজনাকে ‘ভুল উত্তর’ বলে অভিহিত করেছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উত্তর কোরিয়ার হুমকির পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতিকে ‘অত্যন্ত ভীতিকর’ বলে মন্তব্য করেছেন। এ ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আলোচনার পথ উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন।
এএফপি জানায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির প্রেক্ষাপটে শান্তির জন্য প্রার্থনা করেছেন গুয়ামের অধিবাসীরা।