আত্মসাতের মামলা থেকে নাজিব রাজাক খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজিব রাজাক
নাজিব রাজাক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে অর্থ আত্মসাতের আলোচিত মামলা থেকে গতকাল মঙ্গলবার অব্যাহতি দেওয়া হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানায়, নাজিবের ব্যাংক হিসাবে থাকা ৬৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার প্রকৃতপক্ষে সৌদি রাজপরিবারের দানের অর্থ। গত বছরের জুলাইতে নাজিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। খবর বিবিসির।
অভিযোগ উঠেছিল, রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাৎ করে প্রধানমন্ত্রী নাজিব নিজ ব্যাংক হিসাবে জমা করেন। তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করেন। তা সত্ত্বেও পদত্যাগের চাপ আসে তাঁর ওপর। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নাজিব ওয়ানএমডিবির উপদেষ্টামণ্ডলীর চেয়ারপারসন।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাটর্নি জেনারেল মোহামেদ আপানদি আলী জানান, ওই অর্থ সৌদি আরবের রাজপরিবার থেকে প্রাপ্ত ‘ব্যক্তিগত দান’, যা ২০১৩ সালের মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে নাজিবের হিসাবে স্থানান্তর হয়। তিনি আরও বলেন, ঘটনাটি সম্পর্কে নিশ্চিত হতে দুর্নীতিবিরোধী কর্মকর্তারা এর দাতাসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী ৬২ কোটি মার্কিন ডলার ফিরিয়ে দিয়েছেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল। তবে বাকি ৬ কোটি ১০ লাখ মার্কিন ডলারের হদিস নিয়ে উঠেছে প্রশ্ন। নাজিবের দলের নেতাদের দাবি, ওই অর্থ ২০১৩ সালের নির্বাচনে প্রচারণাসহ দলীয় কাজে ব্যয় হয়েছে।
এএফপির খবরে আরও বলা হয়, সম্প্রতি নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেলের মতে নাজিব কোনো ফৌজদারি অপরাধ সংগঠন করেননি।