আত্মহত্যার আগে মেয়েকে হত্যা, ফেসবুকে লাইভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মহত্যা করার আগে নিজের কন্যাশিশুকে হত্যার দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করেছেন থাইল্যান্ডের এক ব্যক্তি।

আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ফুকেটের নাই থন এলাকার নির্মাণাধীন একটি আবাসিক হোটেলে গতকাল সোমবার ২১ বছর বয়সী ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে তিনি নিজের কন্যাশিশুকে হত্যা করেন। এই হত্যা দৃশ্য তিনি ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন।

প্রতিবেদনে বলা হয়, আজ দুপুর পর্যন্ত হত্যা দৃশ্যের ওই ভিডিও চিত্রটি ফেসবুকে ছিল। পরে তা তুলে নেওয়া হয়। পুলিশ বলছে, স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাঁটির পর ওই ব্যক্তি নৃশংস এ ঘটনা ঘটান।

নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তির একজন স্বজন বলেন, তিনি ফেসবুকে বীভৎস ওই ভিডিওটি দেখেছেন। দেখার সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে বিষয়টি জানান। কিন্তু সেখানে পুলিশের পৌঁছাতে দেরি হওয়ায় ওই বাবা ও কন্যাশিশুকে বাঁচানো সম্ভব হয়নি।

ভিডিও চিত্রে দেখা গেছে, ওই ব্যক্তি নির্মাণাধীন ভবনটির ছাদ থেকে মেয়ের গলায় রশি দিয়ে নিচে ঝুলিয়ে দেন। পরে ঝুলন্ত মৃতদেহটি টেনে ওপরে তোলেন।

থাইল্যান্ডের অনলাইন পত্রিকা ফুকেট গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যাকারী ওই ব্যক্তির নাম উত্তুসান ওংতালায়। তাঁর ১১ মাস বয়সী কন্যাশিশুর নাম নাটালি ওংতালায়।

থালাং পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় ২১ বছর বয়সী জিরানুচ ত্রিরাত পুলিশকে জানায়, তাঁর স্বামী ও কন্যাশিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের বাসা বান মুড দোক খাও এলাকায়। লাশ উদ্ধারের মামলাটি সাকু পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সাকু পুলিশের ক্যাপ্টেন জুলায়ুস সুভান্নিন বলেন, নির্মাণাধীন পেনিনসুলা হোটেলের ১০ মিটার উঁচু দেয়ালে ঝুলন্ত অবস্থায় উত্তুসান ও তাঁর মেয়ে নাটালির লাশ উদ্ধার করা হয়েছে।

জিরানুচ ত্রিরাতের চাচা সুকসান বুয়াচানিত বলেন, উত্তুসান নিখোঁজ হওয়ার আগে তাঁদের স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এ সময় উত্তুসান তাঁর স্ত্রীর শ্বাসরোধে চেষ্টা করেন।

প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উত্তুসান তাঁর ফেসবুকে ওই ভয়াবহ ঘটনা সরাসরি সম্প্রচার করেন। চার মিনিট ধরে ভিডিওটি সম্প্রচার হয়।

পুলিশের ক্যাপ্টেন জুলায়ুস সুভান্নিন বলেন, ‘আমরা ইন্টারনেট ব্যবহারকারীদের এই নৃশংস ভিডিওটি শেয়ার না করার জন্য বলেছি।’

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ফুকেটের গভর্নর নোরাফাত প্লডথং। তিনি বলেছেন, যদি প্রয়োজন হয় তাহলে সরকার ওই পরিবারকে আর্থিক সাহায্য বাড়িয়ে দেবে।

এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ফেসবুকে একটি হত্যা দৃশ্য সরাসরি সম্প্রচার করেছিলেন হত্যাকারী। এ ঘটনায় তোলপাড় শুরু হয়। যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়। এ ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে শিকাগোতে ফেসবুক লাইভে নির্যাতনের দৃশ্য প্রচার করায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।