আদালতের রায় মানবে না চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত সীমানা নিয়ে নেদারল্যান্ডসে অবস্থিত সালিসি আদালতের কোনো রায় মানবে না চীন। ওই আদালতের শুনানিতেও যাবে না দেশটি। গতকাল শুক্রবার চীনের একজন জ্যেষ্ঠ কূটনীতিক এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স ও এএফপির।
দক্ষিণ চীন সাগরের জলসীমার কিছু অংশ নিজের দাবি করে ২০১৩ সালে নেদারল্যান্ডসে অবস্থিত সালিসি আদালতে (পারমানেন্ট কোর্ট অব আরবিট্রেশন) চীনের বিরুদ্ধে অভিযোগ করে ফিলিপাইন। আদালত গত বৃহস্পতিবার অভিমত দেন, ফিলিপাইনের ওই অভিযোগের বিষয়ে শুনানি করার এখতিয়ার তাঁর আছে। মূলত আদালতের এই সিদ্ধান্তের পরই চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন বেইজিংয়ের ওই অবস্থান তুলে ধরেন। মন্ত্রী মন্তব্য করেন, আদালতে ফিলিপাইনের অভিযোগের কারণে ওই সাগরে চীনের সার্বভৌমত্বে কোনো প্রভাব পড়বে না।
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: চীনের নৌবাহিনীর প্রধান উ সেংলি ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠিত সংলাপে মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসনকে সতর্ক করে দিয়ে বলেছেন, দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও চীনের অপ্রত্যাশিতভাবে মুখোমুখি হওয়ার বিষয়টি বড় ঘটনায় পরিণত হয়ে সংঘাতে রূপ নিতে পারে।