আদি অভিবাসনের নতুন তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চীনের একটি গুহা থেকে ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার বছরের পুরোনো মানুষের দাঁতের ফসিল আবিষ্কৃত হয়েছে। নতুন এই আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে আগে যেমনটা ধারণা করা হতো, তার অনেক বছর আগেই হোমোসেপিয়েনস নামে পরিচিত আধুনিক মানুষ আফ্রিকার বাইরে ছড়িয়ে পড়েছিল। খবর এএফপির।
চীনের হুনান প্রদেশের ফুইয়ান নামের গুহায় এসব দাঁত পাওয়া যায়। আফ্রিকার বাইরে মানুষের অস্তিত্বের প্রাচীনতম নিদর্শন এসব দাঁত। নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এই নতুন আবিষ্কারের কথা তুলে ধরা হয়েছে। চায়নিজ একাডেমি অব সায়েন্সেস ইনস্টিটিউটের নৃতাত্ত্বিক উ লিউ বলেন, এখন পর্যন্ত বেশির ভাগ বিজ্ঞানীর ধারণা ছিল, ৫০ হাজার বছর আগে এশিয়ায় হোমোসেপিয়েনসের অস্তিত্ব ছিল না। তবে এই গবেষণা সে ধারণা পাল্টে দিল।
পূর্ব আফ্রিকায় মানুষের অস্তিত্বের প্রমাণ মেলে দুই লাখ বছর আগে। এরপর মানুষ নানা স্থানে ছড়িয়ে পড়ে। তবে এভাবে ছড়িয়ে পড়ার সময় এবং স্থান এখনো পরিষ্কার নয়। নতুন এই গবেষণার সহকারী গবেষক মারিয়া মার্টিনো-টোরেজ বলেন, ‘এখন যেসব মতবাদ প্রচলিত আছে, এর মধ্যে বেশি গ্রহণযোগ্য হলো, আধুনিক মানুষ আফ্রিকা ছেড়েছিল ৫০ হাজার বছর আগে। তবে আমরা এখন বলতে পারি, মানুষ অনেক আগে আফ্রিকার বাইরে পা রেখেছিল।’
নতুন এই গবেষণা আরও প্রমাণ দিচ্ছে যে বর্তমানের মানুষ ইউরোপ যাওয়ার আগেই চীনে গিয়েছিল। মানুষ ইউরোপে ৪৫ হাজার বছরের আগে গেছে, এর কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই। গবেষণায় জড়িত আরেক নৃতাত্ত্বিক জিউজি উ বলেন, আবিষ্কৃত ৪৭টি দাঁত অন্তত ১৩ জন মানুষের।