ইরাকের আনবার প্রদেশ ১০ দিনের মধ্যে ইসলামিক স্টেট (আইএস) বাহিনীর দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রাদেশিক কর্মকর্তারা। আইএসের হাতে পতন ঠেকাতে জরুরি ভিত্তিতে সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন তাঁরা।
কট্টরপন্থী সুন্নি ওই জঙ্গিরা ইতিমধ্যে আনবারের রাজধানী রামাদিতে হামলা শুরু করেছে। ইরাকের পাশের সিরিয়ায়ও সমান সক্রিয় আইএসের জঙ্গিরা তুর্কি সীমান্তসংলগ্ন শহর কোবানিতে কুর্দি যোদ্ধাদের সদর দপ্তর দখল করে নিয়েছে। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।
মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা সত্ত্বেও ইরাকের কৌশলগত গুরুত্বপূর্ণ প্রদেশ আনবারের একটি অংশ ইতিমধ্যে দখলে নিয়েছে আইএস। কয়েকটি সেনাঘাঁটি দখল করে নিয়েছে তারা। আনবারের পুরো নিয়ন্ত্রণ নিতে পারলে রাজধানী বাগদাদে হামলা চালানো তাদের পক্ষে অনেক সহজ হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আনবার প্রাদেশিক পরিষদ ইরাক সরকারের কাছে সামরিক সহায়তা চেয়ে পাঠিয়েছে। সেখানে আইএসের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর জন্য মার্কিন স্থলসেনা চেয়েছে পরিষদ। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি অবশ্য তাঁর দেশে বিদেশি স্থলসেনার অভিযানের বিষয়টি বারবার নাকচ করে দিয়েছেন।
আনবারের প্রাদেশিক পরিষদের ভাইস প্রেসিডেন্ট ফালেহ আল-ইসাবি আশঙ্কা প্রকাশ করে বলেন, ১০ দিনের মধ্যে আইএসের হাতে এই প্রদেশের পতন ঘটতে পারে।
গত শুক্রবার বাগদাদের উত্তরের কয়েকটি গ্রাম ও শহরে স্থানীয় একটি সংবাদভিত্তিক চ্যানেলের ক্যামেরাম্যানসহ ১২ জনকে হত্যা করেছে আইএস।
এদিকে সিরিয়ার কোবানি শহরে ব্যাপক লড়াইয়ের পর কুর্দি যোদ্ধাদের সদর দপ্তর দখল করে নিয়েছে আইএস। মার্কিন বিমান হামলার কারণে জঙ্গিরা কোবানির চারদিক ঘিরে ফেলতে ব্যর্থ হলেও আক্রমণ বন্ধ করছে না।
উপসাগরীয় দেশগুলো সিরিয়ায় আইএসের বিরুদ্ধে হামলায় নিজেদের বিশেষ বাহিনী হিসেবে স্থলসেনা মোতায়েন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়ভাবে যোগ দিতে মার্কিন চাপে তুরস্ক কিছুটা ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র ম্যারি হার্ফ জানান, শুক্রবার মার্কিন ও তুর্কি কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। তাতে আইএসবিরোধী লড়াইয়ে তুরস্কের সক্রিয়ভাবে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।