আনুগত্যের প্রশ্নে আপসহীন উন!

কিম জং-ইল উত্তর কোরিয়ার ক্ষমতায় ছিলেন ১৭ বছর। এই সময়ে তিনি তিনবার সেনাপ্রধান বদল করেছিলেন। পাঁচ বছরেই তাঁকে সম্ভবত ছাড়িয়ে গেলেন ছেলে কিম জং-উন। খবর বিবিসির।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে গত বুধবার প্রকাশিত খবর মোতাবেক, চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়ার সেনাপ্রধান জেনারেল রি ইয়ং-গিলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি ছিলেন জং-উনের হাতে নিয়োগ পাওয়া তৃতীয় সেনাপ্রধান। তাঁকে সর্বশেষ জনসমক্ষে দেখা যায় জানুয়ারির শুরুতে। জানুয়ারি চতুর্থ দফায় পারমাণবিক বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ওই সময়ে দেশটির বর্তমান নেতা জং-উনের পাশে দেখা গিয়েছিল জেনারেল রিকে।
অবশ্য অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে চলা উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার খবর বেশির ভাগ ক্ষেত্রেই নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয় না। দেশটির কর্তৃপক্ষের মাধ্যমে এমন খবরের সত্যতা নিশ্চিত করার বিষয়টিও বিরল। অতীতেও উত্তর কোরিয়ার অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে দীর্ঘদিন জনসমক্ষে আসতে দেখা যায়নি। এ নিয়ে গুঞ্জন শুরু হয়, তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কিন্তু পরে ঠিকই তাঁরা আবার প্রকাশ্যে এসে সেসব গুঞ্জন মিথ্যা প্রমাণ করেছেন।
জেনারেল রির খবর সত্য হলে তিনি হবেন কিম জং-উনের অধীনে হত্যার শিকার হওয়া সর্বশেষ শীর্ষ কর্মকর্তা। বর্তমানে ৩৩ বছর বয়সী কিম জং-উন ২০১১ সালে বাবা জং-ইলের মৃত্যুর পর দেশের ক্ষমতায় বসেন।
গত বছরের মে মাসে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা দেশটির পার্লামেন্টকে জানায়, উত্তর কোরিয়া তার প্রতিরক্ষামন্ত্রী হায়ন ইয়ং-চলের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। নেতা জং-উনের প্রতি আনুগত্যহীনতার দায়ে তাঁকে বিমানবিধ্বংসী কামানের গোলা দিয়ে হত্যা করা হয়।
ওই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়ার ১৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করার খবর আসে। এর আগে ২০১৩ সালের শেষে একইভাবে হত্যা করা হয় চাং সং-থায়েককে। তিনি ছিলেন নেতা কিম জং-উনের আপন ফুফা ও শীর্ষ উপদেষ্টা। সাধারণত নেতার প্রতি আনুগত্যহীনতার কারণে বা এমন সন্দেহ হলেই শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে উত্তর কোরিয়া। তবে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম বলছে, দুর্নীতি ও ‘দলাদলির ষড়যন্ত্র’ করায় জেনারেল রিকে হত্যা করা হয়েছে।
উত্তর কোরিয়ার নেতৃত্ববিষয়ক বিশ্লেষক মাইক মেইডেন বলেন, জেনারেল রি শীর্ষ নেতৃত্বের আস্থা হারিয়েছেন—গত বছরের শেষের দিকে এমন গুঞ্জন চাউর হয়। তাঁকে সরিয়ে আরেক জেনারেল রি মিয়ং-সুকে সেনাপ্রধানের পদে বসানো হয়েছে বলে জানা যাচ্ছে।