নেপালের জ্যেষ্ঠ আইনপ্রণেতা ও সম্ভাব্য হবু প্রধানমন্ত্রী খড়্গ প্রসাদ ওলি অভিযোগ করেছেন, প্রতিবেশী ভারত ‘উদ্দেশ্যমূলকভাবে’ আন্তসীমান্ত বাণিজ্য সাময়িকভাবে থামিয়ে দিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। ক্ষমতাসীন দল ইউএমএলের প্রধান খড়্গ প্রসাদ বলেন, সীমান্তে অচলাবস্থার জন্য বিক্ষোভকারীরা নয়, বরং ভারত সরকার দায়ী। খবর এএফপির।
নেপালে সম্প্রতি গৃহীত নতুন সংবিধানে সংশোধনী আনার দাবিতে একটি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠী গত বৃহস্পতিবার থেকে দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ অবরোধ করে রেখেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, অন্যান্য সীমান্ত পথেও পণ্য সরবরাহ গত সপ্তাহ থেকে দ্রুত কমেছে। এতে দেশটিতে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চারদিকে স্থল পরিবেষ্টিত দেশ নেপাল। সেখানে ভারত থেকে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকারি কর্তৃপক্ষ ইতিমধ্যে জ্বালানি তেলের বিতরণ নিয়ন্ত্রণ করার ঘোষণা দিয়েছে।
আইনপ্রণেতা খড়্গ প্রসাদ অভিযোগ করে বলেন, নেপালি বিক্ষোভকারীরা অবরোধ করায় ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো সীমান্ত পার হতে পারছে না বলে নয়াদিল্লি যে বক্তব্য দিয়েছে, তা সত্য নয়।
খড়্গ প্রসাদ বলেন, ‘গ্যাস ও শাকসবজির সরবরাহ বন্ধ, যানবাহন ও উড়োজাহাজের জ্বালানি নেই। জীবনযাত্রা প্রায় থেমে গেছে। ভারতের কাছ থেকে আমরা এ ধরনের বন্ধুত্ব চাই না। নেপালের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তির শর্ত লঙ্ঘন করা ভারতের উচিত নয়। আন্তর্জাতিক নিয়মকানুন অমান্য করা এবং স্থলবেষ্টিত দেশগুলোর সাধারণ অধিকারগুলো হনন করাও অনুচিত।’
নতুন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির পার্লামেন্টে সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলোর প্রতিনিধিত্ব কমে যাবে—এমন যুক্তি দেখিয়ে তারা বিক্ষোভ করছে। পুলিশের সঙ্গে নতুন সংবিধানবিরোধীদের সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হয়েছে।
ভারত সরকার নেপালের সমালোচনা করে বলেছে, সংখ্যালঘুদের উদ্বেগ দূর না করেই তড়িঘড়ি করে নতুন সংবিধান অনুমোদন করা উচিত হয়নি।
নেপালে কয়েক সপ্তাহের মধ্যেই পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে। প্রার্থীদের মধ্যে জয়ের সম্ভাবনা বিবেচনায় সবচেয়ে এগিয়ে রয়েছেন খড়্গ প্রসাদ ওলি। তাঁর সাম্প্রতিক মন্তব্যে ভারতবিরোধিতা স্পষ্ট। অন্যদিকে দীর্ঘদিন ধরেই নেপালের রাজনীতিতে ভারতের প্রভাব রয়েছে।
কাঠমান্ডুতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রঞ্জিত রায় বলেছেন, নেপালের নতুন সংবিধান নিয়ে ভারত অসন্তুষ্ট—সংবাদপত্রের এমন প্রতিবেদন ভিত্তিহীন। গতকাল বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রঞ্জিত বলেন, নেপালের নতুন কাঠামোর প্রতি ভারত শ্রদ্ধাশীল। ভারতের কাছে গুরুত্বপূর্ণ হলো দেশটির শান্তি ও স্থিতিশীলতা। ভারতের এ কূটনীতিক নেপালের নতুন সংবিধান পরিবর্তনে দেওয়া কথিত ‘সাত-দফা সুপারিশের’ কথা অস্বীকার করেন। অনেক নেপালির অভিযোগ খণ্ডন করে তিনি আরও বলেন, নেপালের ওপর কোনো ‘অনানুষ্ঠানিক অবরোধও’ আরোপ করেনি ভারত।