আন্তর্জাতিক বিচার চায় মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ ভূপাতিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। এ জন্য তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করবে। জাতিসংঘে নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত এবং চলতি মাসের জন্য নিরাপত্তা পরিষদের প্রধান জেরার্ড ভ্যান বোহেমেন বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।
মালয়েশিয়া এয়ারলাইনসের ওই যাত্রীবাহী উড়োজাহাজটি গত বছরের জুলাই মাসে বিধ্বস্ত হয়ে এর ২৯৮ জন আরোহীর সবাই নিহত হন। যুদ্ধকবলিত ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা অতিক্রম করার সময় এটি ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতে ভূপাতিত হয়। এ ঘটনায় ইউক্রেনের ওই বিদ্রোহীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।
ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব সম্পর্কে বোহেমেন বলেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ইউক্রেন একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের যৌথ প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিয়েছে। তারা বিমানটি ভূপাতিত করার ঘটনায় ফৌজদারি বিচারের একটি প্রক্রিয়া নির্ধারণ করতে চাইছে।
তবে নিরাপত্তা পরিষদে কোন প্রস্তাব আটকে দেওয়ার ক্ষমতা থাকা স্থায়ী সদস্য রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ মন্তব্য করেছেন পরিকল্পনাটি ‘সময়োপযোগী নয়’।