আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে 'সংশ্লিষ্টতা' অস্বীকার করল আরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে গত ২৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) বলেছে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। নিজেদের টুইটার অ্যাকাউন্টে গতকাল বৃহস্পতিবার পোস্ট করা এক বিবৃতিতে এ কথা জানায় সংগঠনটি।

বিবৃতিতে আরসা বলে, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নাগরিক বলে মেনে নেয় না। সংগঠনটি বলে, দীর্ঘদিন ধরে চলে আসা নিপীড়নের হাত থেকে এই জনগোষ্ঠীকে তারা শুধু রক্ষার চেষ্টা করছে।

২৫ আগস্টের ওই হামলার পর রাখাইন রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সন্ত্রাস দমনের নামে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এই রাজ্যে রোহিঙ্গাদের ওপর চরম নিপীড়ন চালাচ্ছে। ওই ঘটনার পর এ পর্যন্ত প্রায় ৪ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। এ ছাড়া রাখাইনের প্রায় ৩০ হাজার বৌদ্ধ ও হিন্দু অধিবাসীও বাস্তুচ্যুত হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, মিয়ানমারের সেনাবাহিনী আসলে রোহিঙ্গাদের দেশ থেকে বের করে দিতে আরসার ওই হামলার সুযোগ নিয়েছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে অং সান সু চির নেতৃত্বাধীন সরকার। তারা আরসাকে ‘চরমপন্থী সন্ত্রাসী সংগঠন’ বলেও অভিহিত করেছে। এর আগে মিয়ানমার সরকার অভিযোগ করেছিল, পাকিস্তানি তালেবান সন্ত্রাসীদের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এই সন্ত্রাসী সংগঠন। এরই মধ্যে গত মঙ্গলবার এক বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন প্রতিরোধে মুসলিমদের প্রতি আহ্বান জানায় আল-কায়েদা। আরসা এর আগেও বলেছে, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। রাষ্ট্রীয় দমন-পীড়ন প্রতিরোধই তাদের একমাত্র লক্ষ্য।

বিবৃতিতে সংগঠনটি বলে, আল-কায়েদা, ইসলামিক স্টেট (আইএস), লস্কর-ই-তাইবা অথবা অন্য কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আরসার কোনো সংশ্লিষ্টতা নেই, তা পরিষ্কার করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, ‘রাখাইন সংঘাতে এসব সংগঠনের জড়িয়ে পড়ার বিষয়টিকেও আমরা স্বাগত জানাই না। পরিস্থিতি আরও খারাপ হওয়া ঠেকাতে এসব সংগঠনের সন্ত্রাসীদের রুখে দিতে আঞ্চলিক রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে আরসা।’