আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক চায় তালেবান
আফগানিস্তানে তালেবানের হাতে প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের পতন নিশ্চিত হয়েছে। দেশ ছেড়েছেন গনি। এখন আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তালেবান। আগের মতো বিচ্ছিন্ন নয়, বরং বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক চায় তালেবান। খবর রয়টার্স ও আল–জাজিরার।
তালেবান যোদ্ধারা গতকাল রোববার রাজধানী কাবুলে প্রবেশে করে। দেশটির প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান বাহিনী। এরপর তালেবানের মুখপাত্র মোহাম্মদ নায়েম কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তালেবানের কয়েকটি সংযোগমাধ্যম (চ্যানেল) রয়েছে। আমরা এসব চ্যানেল আরও সক্রিয় ও উন্নত করব।’
তালেবানের মুখপাত্র আরও বলেন, ‘আমরা (তালেবান) বিশ্বের সব দেশকে আহ্বান জানাচ্ছি, যেকোনো বিষয়ে আমাদের সঙ্গে বসুন। আমরা নারী ও সংখ্যালঘুদের অধিকার ও আফগান নাগরিকদের বাক্স্বাধীনতা রক্ষায় সব সময় সচেতন থাকব।’
কয়েক দিন থেকেই আফগানিস্তানের একের পর এক প্রাদেশিক রাজধানী দখলে নেয় তালেবান। গতকাল তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে প্রবেশ করে। এ সময় দেশ ছেড়ে তাজিকিস্তানের উদ্দেশে রওনা হন প্রেসিডেন্ট আশরাফ গনি। ফেসবুক পোস্টে গনি বলেছেন, কাবুলে রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন।
এদিকে আফগান সরকার একটি ‘অন্তর্বর্তীকালীন সরকারের’ হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে শোনা যাচ্ছে। সে বিষয়ে তালেবান ও সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালির নাম শোনা যাচ্ছে।
তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন গতকাল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, কয়েক দিনের মধ্যেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে বলে তাঁরা আশা করছেন। কাবুলের জনগণের জানমাল নিরাপদ রাখা এবং নারীদের অধিকার রক্ষার পাশাপাশি গণমাধ্যমকর্মী ও কূটনীতিকদের স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলেছেন তিনি।
তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘আফগানিস্তান যাতে সন্ত্রাসের আঁতুড়ঘর না হয়, সে জন্য পশ্চিমারা সম্মিলিতভাবে কাজ করেছে। পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আশা করছি, বিশ্বের অন্যান্য দেশ তড়িঘড়ি করে নতুন সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি দেবে না।’
আর বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সব নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি সতর্ক করে বলেন, এ উদ্ধার কার্যক্রমে তালেবান কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।