আপেনাইন পার্বত্য এলাকার চ্যুতি ভোগাচ্ছে ইতালিকে
মধ্য ইতালির আপেনাইন পার্বত্য এলাকায় বসবাসকারী মানুষের কাছে ভূমিকম্প এক নিত্য বিপদ হিসেবে হাজির হয়েছে। বড় ভূমিকম্প এবং এর জন্য ক্ষতির পরিমাণ এ অঞ্চলে নতুন কিছু নয়।
আপেনাইন পার্বত্য অঞ্চলে ২০০৯ সালে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ২৯৫ জন প্রাণ হারায়। ১৯১৫ সালে ৬ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৩০ হাজার।
কালের বিবর্তনে উন্নত ঘরবাড়ি নির্মাণ, দুর্যোগ প্রস্তুতি ও অপেক্ষাকৃত উন্নত উদ্ধার তৎপরতার কারণে প্রাণহানির সংখ্যা কমেছে। কিন্তু কমেনি ভূমিকম্প। এর কারণ হলো, অনেক কিছুই পরিবর্তন করা গেলেও ভৌগোলিক কারণ পরিবর্তনযোগ্য নয়।
বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখলে ভূপৃষ্ঠের আফ্রিকান এবং ইউরোএশিয়ান টেকটোনিক প্লেটের মধ্যে সংঘাত ঘটার ফলেই এত ভূমিকম্প। কিন্তু আরও নিবিড়ভাবে এ ভূমিকম্পের কারণ বিশ্লেষণে দেখা যায়, ইতালির মূল ভূখণ্ড ও ফ্রান্সের অধীনের কর্সিকা দ্বীপের মাঝামাঝি থাকা টাইরেনিয়ান অববাহিকা ক্রমেই সম্প্রসারিত হচ্ছে।
যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড ওয়াল্টারস বলেন, ‘আপেনাইনের ভূত্বক বেশ শক্ত। এ পর্বত শ্রেণির সম্প্রসারণের ফলে এটি টেকটোনিক প্লেটে ধাক্কা দিচ্ছে। ফলে ঘটছে ভূকম্পন।’